সহপাঠীরাই রুখে দিল বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখন আমি ক্লাস সিক্সে। রুখবে আমায় কে?’ বছর কয়েক আগে এমন একটি বিজ্ঞাপনচিত্র বেশ জনপ্রিয় হয়েছিল। লেখাগুলোর পাশে একটি বই নিয়ে এক কিশোরীর হাস্যোজ্জ্বল ছবি ছিল বিজ্ঞাপনে। মেয়েশিশুর শিক্ষার প্রসারই ছিল ওই বিজ্ঞাপনের মূল বার্তা। 

ফরিদপুরের মধুখালীর ১৪ বছরে মেয়েটি ষষ্ঠ শ্রেণিতে উঠে হয়তো বিজ্ঞাপনের সেই মেয়েটির মতোই স্বপ্ন দেখেছিল। ভেবেছিল, এত অল্প বয়সেই ওর চলার পথে বিয়ে নামের শিকল পরাতে আসবে না কেউ। মানুষ হিসেবে গড়ে ওঠার লড়াইয়ে বাধা দেবে না কেউ। তবে এ সমাজে একটি মেয়ে চাইলেই তো সব হয় না। শৈশবের উদ্যমতাই যখন ওর ফুরায়নি, তখনই কেউ বলে উঠল ‘উঠ ছুড়ি তোর বিয়ে’। মেয়েটিও বাধ্য হয়েছিল মেনে নিতে বড়দের এ ‘আবদার’।
না, মেয়েটি মানলেও মানেনি ওর বিদ্যালয়ের সহপাঠীরা। ওর খেলার সাথিরা। ১৪ বছরের সহপাঠীর বিয়ের খবর পেয়েই তারা মিছিল করে শিশুটির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এ বার্তা চলে যায় মধুখালীর উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তার কাছে। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন এবং স্কুলের পোশাক পরিয়ে ওই শিশুকে স্কুলে নিয়ে আসেন।
গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে। (ইউএনও) লুৎফুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ছাড়া ১৮ বছর হওয়ার আগে এ বিয়ের উদ্যোগ নেওয়া হবে না মর্মে মুচলেকা আদায় করেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিশুর সঙ্গে একই গ্রামের ২২ বছর বয়সী এক তরুণের বিয়ের উদ্যোগ নেয় দুই পরিবার। বুধবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। এর জন্য শিশুটির বাড়িতে প্যান্ডেল সাজিয়ে আপ্যায়নের ব্যবস্থাসহ যাবতীয় কর্মকাণ্ড শুরু হয় সকাল থেকেই।
স্কুলটির প্রধান শিক্ষক মো. বশিরউদ্দিন বলেন, মেয়েটির বিয়ের খবর পাওয়ার পরপর সবার মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বিদ্যালয়ের ৫০০ শতাধিক শিক্ষার্থী দুপুর ১২টার দিকে মিছিল করে। সবাই ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে বিদ্যালয় থেকে প্রায় এক মাইল দূরে ওই শিশুর বাড়িতে চড়াও হয়ে বাড়ির সামনের সড়ক অবরোধ করে। তারা বাড়িটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীরা ‘বাল্যবিবাহ দেওয়া চলবে না, চলবে না’ বলে স্লোগান দিতে থাকে।
প্রধান শিক্ষক বলেন, ‘এ বিক্ষোভে আমরা শিক্ষকেরাও শরিক হই।’
খবর পেয়ে কামারখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপির কয়েকজন সদস্য, মধুখালী থানার পুলিশ ও মধুখালীর ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হন।
ইউএনও লুৎফুন নাহার জানান, স্থানীয় একটি এনজিওর কাছে থেকে খবরটি জানার পর তিনি মাত্র ২০ মিনিট সময় চান পৌঁছানোর জন্য। এর মধ্যেই তিনি চলে যান ঘটনাস্থলে। এ বাল্যবিবাহের এ আয়োজন বন্ধ করে দেন। তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ আয়োজনের উদ্যোগ নেওয়ায় শিশুটির বাবা ও বরের মামাকে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া শিশুটির বয়স ১৮ না হওয়া পর্যন্ত এ বিয়ের উদ্যোগ নেওয়া হবে না মর্মে মেয়ের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা আদায় করেন।
এরপর ইউএনও শিশুটির পরনের বিয়ের পোশাক সরিয়ে স্কুলের পোশাক পরিয়ে বেলা দেড়টার দিকে তাকে স্কুলে ফিরিয়ে আনেন।
প্রধান শিক্ষক মো. বশিরউদ্দিন বলেন, ওই শিশুটি আগে স্থানীয় ব্র্যাক স্কুলে পড়াশোনা করত। দশম শ্রেণি পর্যন্ত ওই শিশুটিকে বিনা মূল্যে পাঠদান করার উদ্যোগ নিয়েছে বিদ্যালয়। এ ছাড়া শিশুটির পোশাক, বই-খাতা-কলমও বিদ্যালয় থেকে দেওয়া হবে।
ষষ্ঠ শ্রেণির মেয়েটির বিয়ে রোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া ইউএনও লুৎফুন নাহার বললেন, ‘বাল্যবিবাহ রোধে সহপাঠী ও শিক্ষকদের এমন উদ্যোগ সত্যিই বিরল। এমন উদ্যোগ সব জায়গায় নিলে আমাদের পক্ষে বিয়ে বন্ধ করা সহজ হবে। আমরাও এ অভিশাপ থেকে মুক্তি পাব।’