রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহমেদ রেজা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া তাঁর সহপাঠী মাসুদ রানা ও লিংকন সরকারকে গতকাল শুক্রবার এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। র্যাব ও পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে মাসুদ একাই রেজাকে হত্যার কথা স্বীকার করেছেন।
কলাবাগান থানা সূত্র জানায়, মাসুদ রানা ও লিংকনকে গতকাল সকালে র্যাব-২-এর কার্যালয় থেকে কলাবাগান থানায় সোপর্দ করা হয়। পরে তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত এক দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
র্যাব-২-এর একটি দল গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফাঁদ পেতে লেকসার্কাসে মুক্তিপণের টাকা নেওয়ার সময় মাসুদ ও তাঁর বন্ধু লিংকনকে গ্রেপ্তার করে। তাঁদের তথ্যের ভিত্তিতে পূর্ব রাজাবাজারে মাসুদের মেস থেকে দুই হাত-পা বাঁধা অবস্থায় রেজার লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার তাঁকে গ্রিন রোডের মেস থেকে পূর্ব রাজাবাজারের ওই মেসে ডেকে নিয়ে হত্যা করা হয়। রেজার মামা আইনজীবী সাদেকুল ইসলাম বুধবার মাসুদ রানার বিরুদ্ধে কলাবাগান থানায় অপহরণের মামলা করেন। রেজা ধানমন্ডির নর্দার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর মা-বাবা থাকেন কক্সবাজার শহরের নতুন অফিসের কাছে। মাসুদ একই শিক্ষাপ্রতিষ্ঠানে রেজার সহপাঠী।
র্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হানউদ্দিন খান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে মাসুদ একাই হত্যার কথা স্বীকার করেছেন। তিনি র্যাবকে বলেছেন, আনন্দ-ফুর্তি করার কথা বলে রেজাকে তাঁর মেসে ডেকে আনেন। পরে তাঁকে কৌশলে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে পান করানো হয়। বলা হয়, ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য তাঁকে আনা হয়েছে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রেজা মেস থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে ইট দিয়ে তাঁর মাথার পেছনে আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন। এরপর হাত-পা বেঁধে শ্বাসরোধে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।
রায়হানউদ্দিন বলেন, গ্রেপ্তারের পর মাসুদের কাছ থেকে রেজার ডেবিট কার্ড ও মুঠোফোন উদ্ধার করা হয়। মাসুদ মুক্তিপণের টাকা রেজার ব্যাংক হিসাব নম্বরে দিতে বলেছিলেন, যাতে তিনি ওই ডেবিট কার্ড দিয়ে টাকা তুলতে পারেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বলেন, হত্যার সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, তা নিশ্চিত হতে মাসুদ ও লিংকনকে রিমান্ডে নেওয়া হয়েছে। মাসুদ মুক্তিপণের টাকা নিতে তাঁর বন্ধু সিটি কলেজের ছাত্র লিংকনকে ব্যবহার করেন।
রেজার মামা সাদেকুল ইসলাম বলেন, রেজা হত্যার খবর শুনে তাঁর বাবা স্বাস্থ্য বিভাগের পরিদর্শক রমিজ আহমেদ ও মা পাগলপ্রায়। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য কক্সবাজারে নেওয়া হয়।