চট্টগ্রামে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
সহযোগিতা আত্মনির্ভরশীল করে তুলবে দৃষ্টিপ্রতিবন্ধীদের

চট্টগ্রামে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল হওয়ার পথে প্রধান বাধা সমাজব্যবস্থা। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, যানবাহনসহ সব ক্ষেত্রে সমান সুযোগ পাওয়া তাঁদের জন্মগত অধিকার। প্রতিবন্ধীবান্ধব সমাজব্যবস্থা গড়ে তোলার দায়িত্ব প্রতিটি পরিবার, সমাজ, সরকার ও রাষ্ট্রের। সবার সামান্য সহযোগিতাই প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে তুলবে।
গতকাল শনিবার সকালে নগরের পাঁচলাইশে শিশু একাডেমি চট্টগ্রামের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি, প্রতিবন্ধী ভাতা ও বই বিতরণ করা হয়। ছিল সাংস্কৃতিক আয়োজনও। এ বছর সাদাছড়ি দিবসের প্রতিপাদ্য ‘সাদাছড়ি হোক আত্মনির্ভরশীলতার প্রতীক’।
চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদুল আলম, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য এস এম মোরশেদ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, মানবাধিকার নেত্রী জেসমিন সুলতানা। স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক বন্দনা দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক ওমর ফারুক।
ওয়াসিকা আয়েশা খান বলেন, সরকার প্রতিবন্ধী ভাতা বাড়িয়েছে। তাদের শিক্ষার বিষয়েও গুরুত্ব দিচ্ছে। প্রতিবন্ধীদের কল্যাণে সারা দেশে ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিরা বিনা মূল্যে চিকিৎসা ও সেবা গ্রহণ করতে পারছেন। তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে এখন সমাজব্যবস্থা বাধা হয়ে আছে। এসব সামাজিক প্রতিবন্ধিতা দূর করতে হবে। প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীরা আত্মনির্ভরশীল, কিন্তু সুবিধাবঞ্চিত। মানবাধিকারের সর্বজনীন ঘোষণা অনুযায়ী, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে পৃথিবীর সব মানুষ সমান অধিকার ভোগ করবে। কিন্তু অনেক ক্ষেত্রেই যোগ্যতা থাকা সত্ত্বেও সমাজের নেতিবাচক ধারণার কারণে প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র সোলায়মান বাদশা, হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আল আমিন ও মুরাদপুর দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র সুরুত আলম শুভেচ্ছা বক্তব্য দেন। তাঁরা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য যানবাহনে আসনের ব্যবস্থা করা, পরীক্ষার সময় বাড়ানো, পরীক্ষার সময় শ্রুতিলেখকের ব্যবস্থা রাখা এবং চাকরিতে কোটা সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধীদের সম্পর্কে নেতিবাচক ধারণা পাল্টানোর কথা বলেন তাঁরা।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরের প্রবর্তক মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রাটি গোলপাহাড় চত্বর ঘুরে আবার শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।