সহযোগিতা করলে ফসলের ন্যায্যমূল্য পাবেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপণনব্যবস্থা সহজ না হওয়ায় কৃষক তাঁর উৎপাদিত ফসলের উপযুক্ত দাম পান না। ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত কৃষককে সহযোগিতা করতে হবে। আর তাতেই লাভবান হবেন কৃষক।
বরিশালে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (আইআরআরআই বা ইরি) উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। গতকাল সোমবার নগরের বিডিএস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কৃষক, উপকরণ সরবরাহকারী, ক্রেতা, মিল মালিক, উদ্যোক্তা, দাতা সংস্থা, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় সিসা-ইরি প্রকল্পের বরিশাল হাবের বিভিন্ন কর্মসূচি উপস্থাপন করেন সিসা-ইরি বরিশাল অঞ্চলের প্রধান দেব কুমার নাথ। ধান, চাল ও তেলবীজ বিপণনবিষয়ক পরিকল্পনা উপস্থাপন করেন সিসা-বিডি প্রকল্পের প্রধান (সিওপি) টিমোথি রাসেল। দুটি উপস্থাপনায় কৃষকদের ফসল উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার অভিজ্ঞতা তুলে ধরা হয়।
ইউএসএইডের অর্থায়নে পরিচালিত সিসা-ইরি প্রকল্পের ধান, চাল ও তেলবীজ বিপণনবিষয়ক এই কর্মশালায় বক্তারা বলেন, ফসল উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত কৃষকদের সঙ্গে না থাকলে তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। পরিবারের চাহিদা মেটানোর পর আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কৃষকদের পাশে থাকা দরকার। এ জন্য কৃষি বিভাগসহ কৃষক, উপকরণ সরবরাহকারী, ক্রেতা, মিল মালিক, উদ্যোক্তা, দাতা সংস্থা, সরকারি ও বেসরকারি সংস্থার কাজ করতে হবে।
কর্মশালায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের যুগ্ম পরিচালক আজিজ ফরাজী, উপপরিচালক রমেন্দ্রনাথ বাড়ৈ, তুষার কান্তি সমাদ্দর, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা তৌফিকুল আলম ও বীজ প্রক্রিয়াজাত কর্মকর্তা রমিজুর রহমান।