
ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিক্যাট বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি বা দলকে সমর্থন করে না। সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণের চেষ্টায় সাড়া দিতে আগ্রহী সরকারসহ বাংলাদেশের সব জনগণের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।
মার্শা বার্নিক্যাট বলেন, বাংলাদেশের চলমান সমস্যার সমাধান এ দেশ থেকেই হতে হবে। তবে সমস্যা সমাধানের জন্য সহযোগিতা চাওয়া হলে যুক্তরাষ্ট্রসহ অন্য বন্ধুরা হাত বাড়িয়ে দিতে তৈরি আছে।
রাজধানীর আমেরিকান ক্লাবে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। গত ৪ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র তুলে দেওয়ার পর এটি ছিল বার্নিক্যাটের প্রথম সংবাদ সম্মেলন। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা জানান।
বাংলাদেশের কোনো দলের প্রতি সমর্থন নয়, সম্পর্ক নিবিড় ও সম্প্রসারিত করতে আগ্রহী সরকারসহ সবার সঙ্গে কাজ করার বিষয়ে ব্যাখ্যা করে মার্শা বার্নিক্যাট বলেন, ‘বাংলাদেশকে ও এখানকার পরিস্থিতি ভালোভাবে জানতে ও বুঝতে আমি সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের নাগরিকদের সঙ্গে দেখা করতে চাই।’ বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে তিনি বলেন, ‘সামনের দিকে তাকিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।’
গত বছরের ৫ জানুয়ারির নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় এটিকে ত্রুটিপূর্ণ হিসেবে বিবেচনা করে ওয়াশিংটন। এ প্রসঙ্গে জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সবার জানা আছে এবং এটি প্রকাশ্যে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যেখানে জনগণের সমস্যা সমাধানের অনেক উপায় রয়েছে। তাই আমাদের ঐকান্তিক প্রত্যাশা, গণতান্ত্রিক প্রক্রিয়া, যা শান্তিপূর্ণভাবে মত প্রকাশের সুযোগ করে দেয়, তাকে কাজে লাগিয়ে বাংলাদেশিরা সমস্যার সমাধান করবেন।’
সম্প্রতি ওয়াশিংটনে দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর বৈঠক সম্পর্কে জানতে চাইলে মার্শা বার্নিক্যাট বলেন, ‘ওই বৈঠক সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলতে পারি না। তবে এটুকু বলতে পারি, বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বন্ধুরা উদ্বিগ্ন রয়েছে। কোনো সহযোগিতা চাওয়া হলে আমরা সহায়তা করতে তৈরি আছি।’ তিনি চলমান সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, তাঁর দেশ বাস পোড়ানো, ট্রেন লাইনচ্যুত করার মতো অযৌক্তিক হামলা, যা লোকজনকে হতাহত করে তার নিন্দা জানায়।
মার্শা বার্নিক্যাট বলেন, সহিংসতা বন্ধ করা এবং শান্তিপূর্ণ উপায়ে ও রাজনৈতিক আচরণের মাধ্যমে মতপার্থক্য দূর করতে সবার দায়িত্ব রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ঝুঁকিতে কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সঙ্গে আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করার প্রসঙ্গে বিষয়টি আলোচনায় এসেছে।
বাংলাদেশে ব্যবসার পরিবেশ সম্পর্কে জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে ব্যবসা-সহায়ক পরিবেশ সৃষ্টি করে নিশ্চিত করতে হবে যে এখানে পুরোপুরি বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে। এটা শুধু যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের জন্যই নয়, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্যও করতে হবে। এ ক্ষেত্রে অবকাঠামোর সমস্যাগুলো দূর করা জরুরি। আইএসবিরোধী মার্কিন জোটে যোগ দিতে বাংলাদেশকে কি অনুরোধ জানানো হয়েছে? যদি হয়ে থাকে তবে কি বাংলাদেশ সাড়া দিয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ ও উগ্রবাদবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। এই জোটে বাংলাদেশসহ অনেক দেশের সমর্থন রয়েছে। আমরা সব অংশীদারকে এই জোটে যোগ দিতে উৎসাহ দেই।’
বার্নিক্যাট জানান, ওয়াশিংটনে অনুষ্ঠেয় উগ্রবাদবিরোধী শীর্ষ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর যোগ দেওয়ার মধ্য দিয়ে স্পষ্ট যে বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনের প্রক্রিয়াকে জোরালোভাবে সমর্থন করে। বাংলাদেশের চলমান সহিংসতা সন্ত্রাসবাদকে উসকে দেবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সহিংসতা সব ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, যা একটি দেশকে উগ্রবাদের ঝুঁকিতে ফেলতে পারে।
বাংলাদেশে সহিংসতা ও উগ্রবাদের অস্তিত্ব প্রসঙ্গে প্রশ্নে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘উগ্রবাদ যেকোনো জায়গায় দেখা যায়। আমি মনে করি না কোনো দেশ সন্ত্রাসবাদ থেকে মুক্ত। তাই এ থেকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’
গ্রামীণ ব্যাংক নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে মার্শা বার্নিক্যাট বলেন, বাংলাদেশের নাগরিক সমাজের প্রতি যুক্তরাষ্ট্রের অনুরাগ রয়েছে। বাংলাদেশের নাগরিক সমাজসহ সবার সঙ্গে কাজ করার আগ্রহ অব্যাহত থাকবে।