সহযোগিতা না পেলে হুমকির মুখে পড়বে পোশাকশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় সহযোগিতা না পেলে চট্টগ্রামের পোশাকশিল্প হুমকির মুখে পড়বে। গত কয়েক বছরে চট্টগ্রামে ৭১৬টি পোশাক কারখানার মধ্যে ৩১৬টি বন্ধ হয়ে গেছে। চট্টগ্রামে এ শিল্পকে বাঁচাতে বিশেষায়িত পল্লির প্রয়োজন। গতকাল সোমবার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বারের নেতাদের সঙ্গে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভায় এসব বক্তব্য উঠে আসে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, অঞ্জন শেখর দাশ, এ কে এম আকতার হোসেন, বিজিএমইএর নবনির্বাচিত প্রথম সহসভাপতি মঈনউদ্দিন আহমেদ, পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ, এ এম এন সাইফুদ্দিন, কাজী মাহবুবউদ্দিন প্রমুখ।

সভায় বিজিএমইএর প্রথম সহসভাপতি মঈনউদ্দিন আহমেদ বলেন, পোশাকশিল্পের জন্য বিশেষায়িত পল্লি তৈরি করা হলে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো সেখানে নিয়ে চালু করা সম্ভব হবে। এর সঙ্গে ব্যাংকঋণের সুদের হার কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। 

বিজিএমইএর নতুন কমিটি চট্টগ্রামের পোশাকশিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম সভায় বলেন, দেশের অর্থনীতিতে পোশাকশিল্পের অবদান সবচেয়ে বেশি। এ খাতে বিরাজমান সমস্যা সমাধানের জন্য চেম্বারের পক্ষ থেকে যা যা করণীয় তা-ই করা হবে।