সহযোগিতা পেলে দেশের সম্পদ হয়ে উঠবে প্রতিবন্ধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা কারও করুণা চায় না। সবার সহযোগিতা পেলে প্রতিবন্ধীরাও দেশের জন্য সম্পদ হয়ে উঠতে পারে। তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নগরের পাঁচলাইশে শিশু একাডেমী মিলনায়তনে সভার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর। এতে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক বন্দনা দাশ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল জলিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম ফরিদুল আলম, আনসার ভিডিপি চট্টগ্রাম রেঞ্জের উপপরিচালক এম আজিম উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য আরমান বাবু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেজবাহ উদ্দিন বলেন, সরকার প্রতিবন্ধীদের কল্যাণে চেষ্টা করে যাচ্ছে। বর্তমান অর্থবছরে প্রতিবন্ধী ভাতা ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। তবে সরকারের একার পক্ষে সব করা সম্ভব নয়। সমাজের বিত্তশালীরাও যদি এগিয়ে আসে তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের আরও কর্মক্ষম করে তোলা সম্ভব।
সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার, সেলাই মেশিন, সাদাছড়ি বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিবন্ধী শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছিল সাংস্কৃতিক পরিবেশনা।
দিবসটি উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর। সকালে নগরের প্রবর্তক মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শিশু একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়।