
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আর্থসামাজিক উন্নয়ন এবং বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার নূর আশিকিন বিনতি মোহাম্মদ তাইব গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী ওই অভিমত ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। দারিদ্র্য দূরীকরণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মালয়েশীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দ্রুততার সঙ্গে দেশের উন্নয়ন সাধনের চেষ্টা করে যাচ্ছি।’
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশীয় সরকারের সহযোগিতায় মহেশখালীতে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে।
প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও স্বাস্থ্য খাতে সরকারের উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি এ প্রসঙ্গে দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প ব্যয়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অংশ হিসেবে রাজধানীর কাছে মালয়েশিয়ার সহযোগিতায় শেখ ফজিলাতুন্নেসা কেপিজে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার কথা উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, কেউ কোনো দেশের বিরুদ্ধেই সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহারের সুযোগ পাবে না।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মালয়েশিয়া সফরের স্মৃতিচারণা করে বলেন, ‘সেই সফরের মাধ্যমেই আমাদের ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের ভিত রচিত হয়।’
মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার এ সময় বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধিতে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্র হিসেবে জনপ্রশাসন, প্রশিক্ষণ এবং কৃষিকে চিহ্নিত করে দুই দেশ এ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করতে পারে বলে মত দেন।