নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী
সহযোগিতামূলক দক্ষিণ এশিয়া গড়তে না পারলে দায়ী করবে পরের প্রজন্ম
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সার্ক অঞ্চলে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘সকল পক্ষের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা একুশ শতকে একটি শান্তিপূর্ণ, সহযোগিতামূলক ও অধিকতর সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তোলার লক্ষ্য দৃঢ়প্রতিজ্ঞ। অন্যথায়, আমরা পরবর্তী প্রজন্মের কাছে দায়ী থাকব।’
ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশনের পাঠানো বার্তায় বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী গতকাল মঙ্গলবার সেখানে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন। খবর বাসসের।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, সিসিলির সাবেক প্রেসিডেন্ট জেমস ম্যানচ্যাম, ওআরএফ পরিচালক সঞ্জয় যোশী ও ফেলো অশোক মালিক তিন দিনব্যাপী এ সংলাপের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশনের সিনিয়র কর্মকর্তা এবং সাবেক রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাহমুদ আলী বলেন, ‘এ অঞ্চল ক্রমান্বয়ে অভিন্ন স্বার্থ ও লক্ষ্য নিয়ে একটি পরস্পর নির্ভরশীল কমিউনিটিতে পরিণত হচ্ছে বলে আমাদের পারস্পরিক কল্যাণ ও সম্মত সমাধান লাভের চেতনা নিয়ে অগ্রাধিকার হিসেবে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির বিষয়টিকে গ্রহণ করতে হবে।’ তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সম্মিলিতভাবে শক্তি আহরণ, সহযোগিতার জন্য গণসমর্থন সুদৃঢ়করণ, অঞ্চলের পূর্ণ পুনর্জাগরণ ঘটানো সম্ভব। অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ওপর এগুলো নির্ভরশীল।
মাহমুদ আলী বলেন, কেউ কেউ হয়তো হতাশাবাদী হবেন এই বিশ্বাসে যে, সন্ত্রাস ও সহিংস চরমপন্থার হুমকি, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং দেশগুলোর মধ্যে অবিশ্বাসের চ্যালেঞ্জগুলো আঞ্চলিক সহযোগিতার ওপর ছায়াপাত করতে পারে। তিনি বলেন, ‘শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের যাত্রাপথ নিঃসন্দেহে নিরাপত্তা ইস্যুর বিবেচনায় বাধাগ্রস্ত হয়। সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা, ধর্মের সংকীর্ণ ব্যাখ্যা, সাম্প্রদায়িক পরিচয় সারা বিশ্বজুড়ে মানবতা ক্ষুণ্ন এবং লাখ লাখ লোককে নির্মূল করছে। কিন্তু এগুলোকে আমরা আমাদের দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধির চালিকাশক্তির জন্য বিঘ্ন সৃষ্টি করতে দিতে পারি না।’
এ অঞ্চলের পানিসম্পদের গুরুত্ব উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পানিসম্পদ ব্যবস্থাপনা ও সমুদ্র অর্থনীতির খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আমাদের অভিন্ন পানিসম্পদকে কাজে লাগাতে চাই।’
মাহমুদ আলী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি রয়েছে। সড়ক, রেল, বিমান যোগাযোগ, অভ্যন্তরীণ পানি ও উপকূলীয় নৌ-যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি যোগাযোগ এবং ডিজিটাল যোগাযোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেন, ‘আমরা যেকোনো নতুন উদ্যোগকেও স্বাগত জানাব। কার্যত বাংলাদেশ ও ভারত এ ক্ষেত্রে নেপাল ও ভুটানকে নিয়ে যোগাযোগের ক্ষেত্রে একটি মডেল স্থাপন করতে যাচ্ছে। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া।’