সহযোগিতা অব্যাহত রাখার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন নিয়ে জোর সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
গতকাল শনিবার এএফপির খবরে বলা হয়, গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। রক্তক্ষয়ী সহিংসতা ও বিরোধীদের বর্জনের মাধ্যমে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও একটি সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্র গত বছরজুড়ে বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলোকে অব্যাহতভাবে চাপ দিয়ে আসছে।
যুক্তরাষ্ট্র ওই নির্বাচনকে গ্রহণযোগ্য বলে মনে করে না। এর পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। কেননা, দেশটি মনে করে, শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার মধ্যে ব্যক্তিগত যে বৈরিতা দশকের পর দশক ধরে চলছে, তা নিরসনে বাইরের দেশগুলোর সক্ষমতা সীমিত।
এই অবস্থায় বাংলাদেশে নতুন নির্বাচনকে উৎসাহিত করাই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার বলে জানান ওই মার্কিন কর্মকর্তা। কিন্তু এ জন্য সহযোগিতা বন্ধ করা হবে না। কারণ সহযোগিতার বেশির ভাগ যায় বেসরকারি সংস্থার মাধ্যমে।