সহযোগিতা জোরদার করা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশের বেসরকারি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন দুই দেশের ব্যবসায়ী নেতারা। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার কথা বলেন তাঁরা। গতকাল শনিবার চট্টগ্রাম চেম্বার আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেয় ভারতের মুসলিম চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদল।
নগরের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারত ও বাংলাদেশের দুই ব্যবসায়ী সংগঠন নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য সমঝোতা স্মারক সই করে।
ভারতীয় মুসলিম চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ দাউদ খান। তিনি বলেন, কৃষি অর্থনীতিতে ভারতের কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে দুই দেশই লাভবান হতে পারে। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের নানা খাতে প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরির আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, অশুল্ক বাধার কারণে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্ভাবনা অনুযায়ী বাড়ছে না। অশুল্ক বাধা দূর করার পাশাপাশি দুই দেশের মধ্যে বেসরকারি খাতে সহযোগিতা বাড়লে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য দেন চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, সাবেক সভাপতি মির্জা আবু মনসুর, সাবেক পরিচালক মঈনুল ইসলাম মাহমুদ প্রমুখ।