প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন। এ সফরকালে মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা, তৈরি পোশাকশিল্প, কৃষি ও শিক্ষা, ব-দ্বীপ ব্যবস্থাপনাসহ পানিসম্পদ ব্যবস্থাপনা জোরদারের বিষয় গুরুত্ব পাবে। দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল রোববার বিকেলে তাঁর দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরের সময় ২৫ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ১৯ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডস যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং সে দেশের রাণী ম্যাক্সিমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া নেদারল্যান্ডসের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক সেমিনারে শেখ হাসিনার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, খসড়া সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের রটারডাম বন্দর পরিদর্শনসহ নদী খনন, সমুদ্র ও নদী থেকে ভূমি সংযোজন ও পুনরুদ্ধার, ভূমি সংরক্ষণ প্রকল্প, কৃষি খামার, কৃষি পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করবেন। এ ছাড়া পানিসম্পদ ব্যবস্থাপনা বিশেষ করে বন্যানিয়ন্ত্রণ, কৃষি ও ব-দ্বীপ ব্যবস্থাপনা নিয়ে নেদারল্যান্ডসের দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশের কাছে তুলে ধরা হবে।
পটুয়াখালীর পায়রায় বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর নির্মাণ নিয়ে নেদারল্যান্ডসের আগ্রহ রয়েছে। এবারের সফরে এ বিষয়ে কথা হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, নেদারল্যান্ডসের পাশাপাশি অনেক দেশ বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণ নিয়ে আগ্রহ দেখিয়েছে। বিষয়টি এবারের সফরে আলোচনায় আসতে পারে।
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়ানোর বিষয়টিও আলোচনায় আসবে। কারণ, নেদারল্যান্ডস বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়ানোর পক্ষে বিভিন্ন ফোরামে কথা বলে আসছে।
‘অ্যামনেস্টিকে শক্ত জবাব দেওয়া হবে’: মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় করে বক্তব্য দেওয়ায় লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে শক্ত জবাব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যামনেস্টির প্রতিবেদনটি স্টাডি করে একটি শক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের বিবৃতির বেশির ভাগই অগ্রহণযোগ্য এবং এতে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। দু-এক দিনের মধ্যে এর একটি কড়া প্রতিবাদ তাদের কাছে পাঠানো হবে।
একই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, ‘এটি নিয়ে যা করার তার সবই আমরা করব।’