সহযোগিতা পেলেন ভিক্ষুক মুক্তিযোদ্ধা
বিভিন্ন গণমাধ্যমে পঞ্চগড়ের ভিক্ষুক মুক্তিযোদ্ধা মুক্তু মিয়ার খবর প্রকাশিত হওয়ার পর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদরের অমরখানা ইউনিয়নের ভিতরগড় এলাকায় ভিক্ষুক মুক্তিযোদ্ধা মুক্তু মিয়ার বাড়িতে গিয়ে গত শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম। এ সময় তিনি ৩০ কেজি চাল, দুটি কম্বল, একটি চাদর (শাল), একটি লুঙ্গি, তেল, মসুর ডালসহ পাঁচ হাজার টাকা মুক্তু মিয়ার হাতে তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শাহীন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, ‘বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় আমরা মুক্তু মিয়ার কথা জানতে পেরেছি। মুক্তিযুদ্ধে পঞ্চগড় এলাকায় মুক্তু মিয়ার অনেক অবদান রয়েছে। ভুলবশত তাঁর নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় স্থান না পাওয়ায় তাঁকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সামান্য আর্থিক সহযোগিতা করেছি। মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর নাম তালিকাভুক্ত না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এ সহযোগিতা অব্যাহত থাকবে।’ এ সহযোগিতা পেয়ে মুক্তু মিয়া অতিরিক্ত জেলা প্রশাসককে ধন্যবাদ দেন।