
অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও বুলগেরিয়া একটি রোডম্যাপ প্রণয়ন করতে একমত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোইকো বরিসভের মধ্যে গতকাল শুক্রবার সকালে আনুষ্ঠানিক বৈঠকে এ ঐকমত্য হয়। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম যৌথভাবে সাংবাদিকদের এ বিষয়ে জানান। তাঁরা বলেন, আনুষ্ঠানিক আলোচনার আগে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন। এতে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার উপায় নিয়ে আলোচনা করেন। দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বিষয়ের বাইরেও আন্তর্জাতিক শান্তি ও শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদানের বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রসচিব বলেন, আনুষ্ঠানিক বৈঠকে চারটি ক্ষেত্র বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ ও সাধারণ ব্যবসা, তথ্য ও প্রযুক্তি খাতে (আইসিটি) বিনিয়োগ, কৃষি ও পর্যটন খাতে সহযোগিতা।
শহীদুল হক বলেন, বুলগেরিয়া আইসিটি ও কৃষি খাতে অনেক এগিয়ে রয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব খাতে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ এবং দেশব্যাপী বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আইটি ও কৃষি খাতে বিনিয়োগ কামনা করেছেন।
চার দলিলে স্বাক্ষর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর বৈঠকের পর বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে গতকাল চারটি দলিল স্বাক্ষরিত হয়। অর্থনীতি, বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারকসহ মোট চারটি দলিল স্বাক্ষরিত হয়।
গতকাল সকালে সোফিয়ার মন্ত্রিপরিষদে এই দলিল স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। স্বাক্ষরিত তিনটি সমঝোতা স্মারক হচ্ছে: দুই সরকারের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক ইনস্টিটিউট ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা এবং বুলগেরিয়ার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস প্রমোশন একাডেমি ও বাংলাদেশের এসএমই ফাউন্ডেশনের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে সহযোগিতা। এ ছাড়া দুই দেশের সর্বোচ্চ ব্যবসায়ী সমিতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও বুলগেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত বৃহস্পতিবার রাতে সোফিয়ার হোটেল মারিনেলায় সাক্ষাৎ করেন বুলগেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিরা। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের ওই সাক্ষাতের বিষয়ে জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, দেশে সাম্প্রতিক গুপ্তহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে।
প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশিদের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং শিগগিরই বুলগেরিয়ায় তাঁরা যাতে কনস্যুলার সার্ভিস-সুবিধা পান, সংশ্লিষ্ট ব্যক্তিদের সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী জুনের মধ্যে বুলগেরিয়ায় প্রবাসীদের ভিসাসহ অন্যান্য সমস্যা সমাধানে কনস্যুলার টিম পাঠিয়ে কনস্যুলার সার্ভিস চালুর আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি উপস্থিত ছিলেন।
দেশের উদ্দেশে সোফিয়া ত্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে গতকাল সোফিয়া ত্যাগ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় রাত আটটায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সোফিয়া ত্যাগ করে। ফ্লাইটটি আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা।