সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-বাহরাইন তিন চুক্তি স্বাক্ষর
বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাহরাইন সফররত পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রাজধানী মানামায় গত মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফার সঙ্গে বৈঠককালে এ চুক্তি সম্পাদন করেন। খবর বাসসের।
চুক্তিগুলো হলো বিনিয়োগের পারস্পরিক সুরক্ষা ও প্রসার এবং দ্বৈত কর এড়ানো। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকের পর পররাষ্ট্র দপ্তরের আলোচনা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আনুষ্ঠানিক আলোচনাকালে মাহমুদ আলী বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিশেষ করে জাতিসংঘে চমৎকার সহযোগিতার সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে একটি কৌশলগত সংলাপ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশকে একটি প্রস্তাব দেন এবং পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তাতে ইতিবাচক সাড়া দেন।
এর আগে সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনের অর্থমন্ত্রী শেখ আহমেদ বিন মোহাম্মদ আল খলিফার সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। মাহমুদ আলী বাহরাইনের শ্রম ও সামাজিক উন্নয়নমন্ত্রী জামিল বিন মোহাম্মদ আলী হুমাইদানের সঙ্গেও তাঁর কার্যালয়ে বৈঠক করেন। এ সময় তিনি কয়েক হাজার অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিককে বৈধ করার নীতি অনুসরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বাহরাইন এই শ্রমিকদের ‘অতিথি শ্রমিক’ হিসেবে বিবেচনা করে থাকে।
পররাষ্ট্রমন্ত্রী মানামা নগরীতে রয়াল কোর্টে বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় বাহরাইনের প্রধানমন্ত্রী দ্রুত অর্থনৈতিক অগ্রগতি লাভের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।