জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের জন্য সহযোগিতা বাড়াতে যুক্তরাজ্য সরকারকে চাপ দেবেন বলে জানিয়েছেন সে দেশের এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। লেবার পার্টির এই এমপি বলেছেন, লেবার পার্টি ক্ষমতায় গেলে বাংলাদেশে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানো হবে।‘চলতি বছরের শেষে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সমঝোতা সম্মেলনে যুক্তরাজ্য ও বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় রুশনারা আলী এ কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল মঙ্গলবার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রুশনারা আলী আসন্ন ডারবান সম্মেলনে একটি আইনি বাধ্যবাধকতা চুক্তি করতে যুক্তরাজ্য ও বাংলাদেশকে একত্রে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘যুক্তরাজ্য সরকারকে এ ব্যাপারে সক্রিয় করতে আমরা লেবার পার্টি থেকে চাপ দিয়ে যাচ্ছি। বাংলাদেশের সুশীল সমাজের উচিত এ ব্যাপারে তাদের সরকারকে চাপ দেওয়া।’একটি সবুজ অর্থনীতি গড়ে উঠলে তা কর্মসংস্থান বাড়াবে—এ মত তুলে ধরে যুক্তরাজ্যের এই এমপি বলেন, বাংলাদেশে গাছ লাগানোর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হতে পারে।আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ও গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) এই আলোচনা সভার আয়োজন করে।সভায় প্রধান অতিথি পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সরকারের জলবায়ু ট্রাস্ট ফান্ড অনেক স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। যুক্তরাজ্যসহ বিভিন্ন ধনী রাষ্ট্রের অর্থায়নে ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়ান্স ফান্ড গঠন করা হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় তা সঠিকভাবে পরিচালিত হচ্ছে। জলবায়ু তহবিল থেকে অর্থ চেয়ে চার হাজার প্রস্তাব জমা পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এর বেশির ভাগ প্রস্তাবই অদৃশ্য কাজের জন্য। তাই প্রস্তাবগুলো যাচাই-বাছাই চলছে।জলবায়ুবিজ্ঞানী আহসান উদ্দিন আহমেদ বলেন, আগামী পাঁচ থেকে আট বছরে জলবায়ু অভিযোজনের (জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো) জরুরি চাহিদা পূরণে বাংলাদেশের প্রায় ৭০০ কোটি পাউন্ড দরকার। ইতিমধ্যে কার্যকর অভিযোজন-ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিজস্ব সম্পদ থেকে অর্থের সংস্থান করার চেষ্টা করছে। কিন্তু প্রয়োজনের তুলনায় অর্থের পরিমাণ অপ্রতুল হওয়ায় এ বিষয়ে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ দরকার।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সিএসআরএলের সমন্বয়ক সি এস করিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংসদ হাসানুল হক ইনু এবং বাংলাদেশে অক্সফামের কান্ট্রি ডিরেক্টর গ্যারেথ প্রাইস জোনস।