
বঙ্গোপসাগরীয় দেশগুলোর জোট বিমসটেকের সচিবালয় ঢাকায় উদ্বোধনের মধ্য দিয়ে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন যাত্রার সূচনা হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি অর্জনের লক্ষ্যে সময়োপযোগী ও বাস্তব পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন।
গতকাল শনিবার সকালে রাজধানীর গুলশানে বিমসটেক সচিবালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এর আগে রাজধানীর গুলশান-২-এর ৫৩ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে ফলক উন্মোচনের মাধ্যমে সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেক (বঙ্গোপসাগরীয় দেশগুলোর বহুপক্ষীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) সচিবালয় উদ্বোধন করেন তিনি।
১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে যাত্রা শুরু করে চার দেশের উপ-আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিসটেক। ওই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে যোগ দেয় মিয়ানমার। ওই বছরের ডিসেম্বরে মিয়ানমারের যোগ দেওয়ার পর বিসটেক পরিবর্তিত হয় বিমসটেকে। ২০০৩ সালে সংস্থার সঙ্গে যুক্ত হয় নেপাল ও ভুটান। ২০০৪ সালের ৪ জুলাই প্রথম শীর্ষ সম্মেলনে সাত দেশের নেতারা সংগঠনের নাম বিমসটেক রাখার সিদ্ধান্ত নেন। বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি, পরিবহন ও যোগাযোগ, পর্যটন, মৎস্য, কৃষি, সংস্কৃতি, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, জনগণের মধ্যে যোগাযোগ, দারিদ্র্য বিমোচন, সন্ত্রাসবাদ ও আন্তরাষ্ট্রীয় অপরাধ দমন এবং জলবায়ু পরিবর্তনসহ সহযোগিতার ১৪টি ক্ষেত্র চিহ্নিত করেছে সদস্যভুক্ত দেশগুলো।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘আমি গর্ববোধ করছি যে ১৯৯৭ সালের ৬ জুন যখন ব্যাংককে বিমসটেকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল, তখনো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম। আবার আমাদের সরকারের তৃতীয় মেয়াদে ঢাকায় স্থাপিত হলো বিমসটেক সচিবালয়।’
শেখ হাসিনা বলেন, আজকের দিনটি প্রকৃত অর্থেই বাংলাদেশ এবং বিমসটেকের জন্য একটি ঐতিহাসিক দিন। ঢাকায় বিমসটেকের সচিবালয় উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলে সহযোগিতার ক্ষেত্রে এক নতুন যাত্রার সূচনা হলো। তিনি বলেন, বিমসটেক অঞ্চলে সহযোগিতার লক্ষ্যে চিহ্নিত ১৪টি ক্ষেত্র এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনা এই অঞ্চলের উন্নয়নে দারিদ্র্য বিমোচন, কৃষিতে অগ্রগতি, বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, টেকসই জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় সহযোগিতা জোরদারের ওপর ছয় দফার সুপারিশ করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সুনির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়নের লক্ষ্য নির্ধারণের জন্য বিমসটেকের কাজ করতে হবে। এরই অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট বাণিজ্যের ৪ শতাংশ এবং মোট সম্পদের ১৫ শতাংশ যাতে অর্জন করা যায়, বিমসটেককে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সেতুবন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে বিমসটেকের। ঢাকায় বিমসটেকের সচিবালয় উদ্বোধনের মধ্য দিয়ে ব্যাপকতর অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ ও বঙ্গোসাগরের সম্পদ আহরণের ক্ষেত্রে সহযোগিতার পথ সুগম হবে।
বিমসটেকের প্রথম মহাসচিব ও শ্রীলঙ্কার কূটনীতিক সুমিত নাকানদালা বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলো ঐতিহ্যগতভাবেই যথেষ্ট সমৃদ্ধ। বিমসটেকের অগ্রাধিকার হবে এই অঞ্চলের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা। সদস্যদেশগুলোর নিজস্ব উন্নয়ন লক্ষ্য ও পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিমসটেক কাজ করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রধানমন্ত্রী চার টাকা দামের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা দামের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা দামের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন।