রাষ্ট্রপতি জিল্লুর রহমান শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য পৃথিবীর ধনী ও উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শান্তি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।রাষ্ট্রপতি বলেন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক বিরোধ অবসানের বিকল্প নেই। টেকসই শান্তি যেকোনো দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের পূর্বশর্ত।বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত এই শান্তি সম্মেলন গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি সাংসদ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ফিলিস্তিন, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভিয়েতনাম, ভুটান, ভারত, অস্ট্রেলিয়া, নেপালসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিসংক্রান্ত ঢাকা ঘোষণা গৃহীত হয়।জিল্লুর রহমান বলেন, পৃথিবীকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে না পারলে শান্তি প্রতিষ্ঠার আন্দোলন ও সংগ্রাম অর্থহীন হয়ে পড়বে। বাংলাদেশসহ বিশ্বের স্বল্পোন্নত দেশগুলো আজো ক্ষুধা, রোগ-ব্যাধি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়ছে। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ সমগ্র বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বর্তমান সরকার শান্তির লক্ষ্যে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। জিল্লুর রহমান বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাতে চাই, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের অধীনে বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে আজ পর্যন্ত ৩০টি দেশে ৪৫টি মিশনে প্রায় এক লাখ সেনা পাঠিয়েছে। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি করে জাতিগত সংঘাত নিরসনে বাংলাদেশ ঐতিহাসিক অবদান রেখেছে।’