সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি
নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রগতিশীল শিক্ষা ও শিক্ষা সহযোগী কারিকুলাম নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতিবান্ধব পরিবেশ তৈরি করতে হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার বিকেলে সাউথইস্ট ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আর বাস্তবজ্ঞান অর্জনের জন্য সাধারণ মানুষের জীবনযাত্রা উপলব্ধি করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের ব্যবধান থাকলে সে জ্ঞান হয় অসার ও নিরর্থক। নিজেদের মেধা, শিক্ষা ও দক্ষতা কাজে লাগিয়ে আপনাদের বিশ্বমানের মানবসম্পদে পরিণত হতে হবে।’

এবারের সমাবর্তনে ২ হাজার ৬৮৮ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ দেওয়া হয়। তাঁদের মধ্যে সমাবর্তনে উপস্থিত ছিলেন ৫৫৭ জন। আজ একজনকে আচার্যের পদক এবং ১১ জনকে উপাচার্যের স্বর্ণপদক দেওয়া হয়।

আজকের সমাবর্তনে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম। সমাবর্তন বক্তা ছিলেন ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক কবিতা এ শর্মা।

অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এ এন এম মেশকাত উদ্দীন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।