সহস্রাধিক এতিমের জন্য প্রথম আলোর ইফতার

রাজধানীর দুটি এতিমখানার প্রায় দেড় হাজার শিশুর মাঝে গতকাল মঙ্গলবার ইফতারি ও রাতের খাবার বিতরণ করেছে প্রথম আলো। এতিমখানা দুটি হচ্ছে তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানা এবং কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা।
ইফতারের কিছু সময় আগে প্রথম আলোর প্রশাসন বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে দুই এতিমখানার শিশুদের হাতে খাবার তুলে দেন। ইফতারে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, খেজুর, জিলাপি, ফলের শরবত দেওয়া হয়। আর রাতের খাবার হিসেবে দেওয়া হয় তেহারির প্যাকেট।
ইফতারের আগে দুটি এতিমখানাতেই পৃথক মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় মিলাদ পরিচালনা করেন প্রতিষ্ঠানটির মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ। জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা মিলাদ পরিচালনা করেন এতিমখানার সুপারভাইজার মাওলানা মো. নুরুল হক। মিলাদ শেষে দুই এতিমখানাতেই মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং প্রথম আলোর কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।
তেজগাঁওয়ের এতিমখানায় প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট মুহাম্মদ নজরুল ইসলাম, শিক্ষক জহিরুল ইসলাম, প্রথম আলোর প্রশাসন বিভাগের প্রধান শেখ জামাল আখতার, মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক রুবায়েত তৌহিদ সিদ্দিকী, জ্যেষ্ঠ নির্বাহী রোখসানা রহমান, প্রশাসনিক সহযোগী শামসুন নাহারসহ এতিমখানার প্রায় ১ হাজার ৩০০ সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া কারওয়ান বাজারের এতিমখানায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ খাইরুল্লাহ, শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা ফয়েজুর রহমান, প্রথম আলোর মহাব্যবস্থাপক (অর্থ) মোহাম্মদ জসিম উদ্দিন, নিরাপত্তা ব্যবস্থাপক মো. সাজ্জাদুল কবির, জ্যেষ্ঠ নির্বাহী এ বি এম খায়রুল কবির, সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. এজাজুল হকসহ প্রায় আড়াই শ শিশু উপস্থিত ছিল। গত বছরও প্রথম আলো এই আয়োজন করেছিল।