সহস্রাধিক জায়গায় কোরবানির ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয়বারের মতো দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে রাজধানীতে পশু কোরবানির জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এক হাজারের বেশি জায়গায় এবার পশু কোরবানির ব্যবস্থা থাকবে।
উত্তর সিটি করপোরেশনে ৩৪টি ওয়ার্ডের ৬৪৮টি স্থানে পশু জবাই করা যাবে। এর মধ্যে ১৯৬টি স্থানে মাওলানা, কসাইসহ কোরবানির যাবতীয় ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন উত্তর সিটি মেয়র আনিসুল হক। এ ছাড়া উত্তরের অধিবাসীদের বর্জ্য অপসারণের সুবিধার্থে সিটি করপোরেশনের পক্ষ থেকে দুই লাখ পলি ব্যাগ বিতরণ করা হয়েছে।
দক্ষিণ সিটি করপোরেশনে ৩২৫টি স্থানে পশু কোরবানির ব্যবস্থা রাখা হয়েছে। ৫৭টি ওয়ার্ডের ২৮৫টি স্থানে ও ৮টি ইউনিয়নের ৪০টি স্থানে পশু জবাই করা যাবে। গত শনিবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বলেন, নির্ধারিত ৩২৫টি স্থানেই ত্রিপলসহ শামিয়ানা টানানো হবে। এ ছাড়া বর্জ্য অপসারণের জন্য দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এক লাখ চটের ব্যাগ বিনা মূল্যে বিতরণের কথা জানিয়েছেন তিনি।
বর্জ্য অপসারণের সুবিধার্থে দুই সিটি করপোরেশন ২০১৫ সালে প্রথমবারের মতো পশু জবাইয়ের জন্য এলাকাভিত্তিক স্থান নির্ধারণের উদ্যোগ নেয়।