সহস্রাধিক তোরণ, মঞ্চ তৈরিতে সিটি করপোরেশনের যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আজ অনুষ্ঠেয় খালেদা জিয়ার সমাবেশ মঞ্চের রাস্তা তৈরি করতে সিটি করপোরেশনের বুলডোজার ব্যবহার করা হয় ষ ছবি: প্রথম আলো
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আজ অনুষ্ঠেয় খালেদা জিয়ার সমাবেশ মঞ্চের রাস্তা তৈরি করতে সিটি করপোরেশনের বুলডোজার ব্যবহার করা হয় ষ ছবি: প্রথম আলো

সিলেটে ১৮ দলের সমাবেশ আজ শনিবার। নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিকেল চারটায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ জন্য গতকাল শুক্রবার রাতে তাঁর সিলেটে পৌঁছানোর কথা ছিল।
খালেদা জিয়া সড়কপথে সিলেট আসায় তাঁকে স্বাগত জানাতে সিলেটের প্রবেশপথ শেরপুর থেকে সিলেট নগর পর্যন্ত রাস্তার দুই পাশে সহস্রাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। দলীয় প্রধানদের ছবিসংবলিত তোরণ, বিলবোর্ড ও ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা নগর। সিলেটে পৌঁছে খালেদা জিয়া নগরের কিনব্রিজ-সংলগ্ন সার্কিট হাউসে রাত যাপন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সমাবেশ উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীসহ দলের কেন্দ্রীয় অনেক নেতা গতকাল থেকে সিলেটে অবস্থান করছেন। খন্দকার মোশাররফ গতকাল সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুসহ সরকারবিরোধী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে সিলেটের সমাবেশ থেকে। তাই সিলেটে ১৮ দলের এ সমাবেশ দলের নেতা-কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সমাবেশে লোকসমাগমও ঘটবে স্বতঃস্ফূর্তভাবে।
সমাবেশ প্রস্তুতি কমিটি সূত্র জানায়, সিলেট সার্কিট হাউস থেকে সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া। ২০১১ সালের ১১ অক্টোবর রোডমার্চ শেষে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে খালেদা জিয়ার সর্বশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। ওই সমাবেশে সভাপতিত্ব করেছিলেন বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী।
সমাবেশের কাজে সিটি করপোরেশনের যান: সমাবেশ মঞ্চের রাস্তা তৈরিতে গতকাল সিলেট সিটি করপোরেশনের দুটি বুলডোজার ও একটি ট্রাক ব্যবহার করা হয়েছে। আয়োজকেরা সিটি করপোরেশনের যানবাহন ‘জনস্বার্থে’ ব্যবহারের আবেদন করে পেয়েছেন বলে দাবি করলেও সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে ভাড়ায় দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে, আলিয়া মাদ্রাসা মাঠে গতকাল সকাল থেকে সমাবেশ মঞ্চের কাজ শুরু হয়। মঞ্চ তৈরির সঙ্গে সঙ্গে মূল সড়ক থেকে সমাবেশ মঞ্চে যাওয়ার অস্থায়ী রাস্তা তৈরি করা হচ্ছে। চৌহাট্টা-রিকাবিবাজারমুখী ভিআইপি সড়কের সঙ্গে সংযোগ করা এ রাস্তা ইট-বালু ফেলা হচ্ছিল ‘সিটি করপোরেশনের কাজে ব্যবহূত’ স্ট্রিকারযুক্ত ট্রাকে করে। বালু ও ইট ফেলার কাজ শেষে ‘সিলেট সিটি করপোরেশন’ লেখা দুটো বুলডোজার রাস্তা তৈরির কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কাজ করে বুলডোজার দুটি। এ কাজে নিয়োজিত ছিলেন সিটি করপোরেশনের যানবাহন শাখার ছয়জন কর্মচারী। তাঁরা জানান, সিটি করপোরেশনের নির্দেশনায় এ কাজ করছেন।
বিএনপি সূত্র জানায়, সিটি করপোরেশনের মেয়র কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন। একইভাবে সমাবেশ প্রস্তুতির উপকমিটির (মিডিয়া) আহ্বায়কের দায়িত্বে রয়েছেন সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর রেজাউল হাসান লোদী।
জানতে চাইলে রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন একটি জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান। জনস্বার্থে কোনো কিছু চাইলে অবশ্যই এ ব্যাপারে সহায়তা করতে পারে। আমরা আবেদন করেছিলাম এবং তা পেয়েছি।’ তবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘এগুলো ভাড়া দেওয়া হয়েছে।’