সহস্রাধিক পরিবারকে সাত দিনের মধ্যে উচ্ছেদের নোটিশ
অবৈধ দখলে থাকা চট্টগ্রামের সীতাকুণ্ডের সহস্রাধিক পরিবারকে সাত দিনের মধ্যে উচ্ছেদের নোটিশ দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতের কাজ প্রায় চূড়ান্ত হওয়ায় তাদের এই নোটিশ দেওয়া হয়।পুনর্বাসন না করে উচ্ছেদের নোটিশে দিশেহারা হয়ে পড়েছে এসব পরিবার। গত বৃহস্পতিবার বিকেলে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বসবাসরত সহস্রাধিক পরিবারকে ১৬ মে উচ্ছেদ নোটিশ জারি করে সওজের প্রকল্প ব্যবস্থাপক-৫ কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিতে হবে। অন্যথায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মফিজুর রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের কাজ শিগগিরই শুরু হবে। তাই দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা পরিবারগুলোকে নোটিশ দেওয়া হয়েছে।