সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্যপণ্য বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান উপলক্ষে এক হাজারের বেশি পরিবারের মধ্যে খাদ্যপণ্য বিতরণ করেছে কলতাবাজার পঞ্চায়েত কমিটি।
গতকাল শুক্রবার রাত নয়টায় পুরান ঢাকার নাসির উদ্দীন সরদার লেনে কলতাবাজার পঞ্চায়েত কমিটির কার্যালয়ে এ খাদ্যপণ্য বিতরণ করা হয়।
খাদ্যপণ্যের মধ্যে ছিল ২০ কেজি চাল (মিনিকেট), দুই কেজি মটর ডাল, তিন কেজি মসুর ডাল, পাঁচ কেজি সয়াবিন তেল, দুই কেজি আটা, দুই কেজি ময়দা, এক কেজি লবণ, তিন কেজি চিনি, এক কেজি গুঁড়া দুধ, ৪০০ গ্রাম চা-পাতা, দুই কেজি খেজুর, এক কেজি গুঁড়া সাবান ও দুটি করে গোসলের সাবান।
খাদ্যপণ্য বিতরণ অনুষ্ঠানে কলতাবাজার পঞ্চায়েত কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিম বলেন, কলতাবাজার পঞ্চায়েত কমিটির দারিদ্র্য বিমোচন প্রকল্পের অধীনে প্রতিবছরের মতো এবারও মহল্লাবাসীর মাঝে এই খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে।
এ ছাড়া পঞ্চায়েত কমিটি পরিচালিত কলতাবাজারের আল-মঈন স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে দরিদ্র ব্যক্তিদের প্রতি শুক্রবার বিনা
মূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।
খাদ্যপণ্য বিতরণ অনুষ্ঠানে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ আবুল বাশার, মাওলা বক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা মো. আজিম বক্স, কলতাবাজার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সহসাধারণ সম্পাদক মো. শাহজান, কোষাধ্যক্ষ মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।