পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
গতকাল রোববার কেন্দ্রটির দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে সহস্রাধিক লোককে আসামি করে মামলাটি করেন। গত শনিবার ওই কেন্দ্রে ভোট গ্রহণ হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলাটি হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শনিবারের ঘটনার পর নিহত ইমদাদুল হকের (৫২) লাশ ময়নাতদন্ত শেষে গতকাল দাফন করা হয়েছে। গ্রামটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেপ্তার-আতঙ্কে অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। গতকাল সকালে অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেহেলী লায়লা, চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার আজিজুল হক গ্রামটি পরিদর্শন করেন। তাঁরা গ্রামের সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
শনিবার ইউনিয়নটিতে শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়। সন্ধ্যা সাতটার দিকে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণায় দেরি হলে একজন ইউপি সদস্য প্রার্থীর সমর্থকেরা কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে গ্রামের লোকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কয়েকটি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।