সহস্রাধিক ভবন ঝুঁকিপূর্ণ চউকের তালিকায় ৬০!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বান্ডেল সেবক কলোনিতে শান্তি বালার জন্ম। ওই কলোনির একটি ঘরেই তাঁর বিয়ে হয়। এরপর জন্ম নেয় তাঁর পাঁচ সন্তান। একই ঘরে তাঁর সন্তানদের বিয়ে হয়। এরই মধ্যে শান্তি বালার বাবা-মা মারা গেছেন। ঘরটিও জরাজীর্ণ হয়ে গেছে। যেকোনো সময় এটি ধসে পড়তে পারে। এমন আতঙ্ক নিয়ে বান্ডেল সেবক কলোনির দুই ভবনে প্রায় ৫০০ মানুষ বসবাস করছে।গত ২০ জুন কলোনিরই পুরোনো ভবনের দোতলার ব্যালকনির সীমানাদেয়াল ভেঙে পড়ে বিন্দু দাশ ও শিখা দাশ আহত হন। ওই সময় তাঁরা নিচে দাঁড়িয়ে ছিলেন। বিন্দু বলেন, ‘ভাগ্যিস পায়ে পড়েছিল। মাথায় পড়লে ওখানেই মরে যেতাম।’একইভাবে চট্টগ্রাম মিউনিসিপ্যাল প্রাথমিক বিদ্যালয়ের ভবনটিও জীর্ণ হয়ে পড়েছে। দুই বছর আগে ক্লাস চলাকালে ভবনের পলেস্তরা খসে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কিছুটা জোড়াতালি দিয়ে এখনো সেখানে ক্লাস চলছে।২০০৭ সালে করা ওই তালিকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) শহরের ৬০টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করেছে। বয়সের বিষয়টি প্রাধান্য দিয়ে এই তালিকা করা হয়েছিল। তবে এত জরাজীর্ণ অবস্থার পরও সেবক কলোনি বা মিউনিসিপ্যাল প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবন তালিকায় নেই। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রায় সহস্রাধিক পুরোনো ভবন ঝুঁকিপূর্ণ তালিকায় স্থান পায়নি। নগরের বন্দর এলাকায় বন্দর প্রধান ডাকঘর, স্ট্যাম্প গুদাম ও বন্দর বৈদেশিক ডাকঘর ভবনের মতো পুরোনো ভবনও নেই এই তালিকায়। অথচ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, ৬ তীব্রতার ভূকম্পন হলে নগরের অর্ধেক ভবন ক্ষতিগ্রস্ত হবে।চউকের উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান স্বীকার করেন, ‘তালিকায় অনেক ঝুঁকিপূর্ণ ভবন বাদ পড়েছে। তাই চুয়েটের সঙ্গে আমরা এখন নতুন তালিকা করব। এ ক্ষেত্রে তিন শ্রেণীর তালিকা করা হবে। যে হারে ভূকম্পন হচ্ছে, তাতে আমাদের এখনই উদ্যোগ নেওয়া দরকার।’গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বন্দর থানার পাশে অবস্থিত ডাকঘরের তিনটি ভবন থেকে পলেস্তরা খসে পড়ছে। এই জীর্ণ ভবনের মধ্যেই প্রায় ৫৫ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। ডাকঘরের পাশে অবস্থিত পাকিস্তান আমলে তৈরি স্ট্যাম্প গুদাম ও বৈদেশিক ডাকঘর ভবনের অবস্থা আরও নাজুক। খসে পড়া পলেস্তরা থেকে বাঁচতে দুই ভবনে টিন দিয়ে ফলস সিলিং দেওয়া হয়েছে।বন্দর প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল মো. মোরশেদ আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা এখানে অফিস করছি।’বাইরে বসে স্ট্যাম্প গুদাম পাহারা দিচ্ছিলেন পুলিশের কনস্টেবল আজাদ। তিনি বলেন, ‘আমি হয়তো চোর থেকে সম্পদ রক্ষা করতে পারব। জরাজীর্ণ ভবন রক্ষা করব কীভাবে?’চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম বলেন, পুরোনো জরাজীর্ণ ভবনের পাশাপাশি নির্মাণত্রুটির কারণে কিছু নতুন ভবনকেও ঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকার বাইরে সহস্রাধিক পুরোনো ভবন তালিকার বাইরে রয়েছে বলে তিনি স্বীকার করেন। তিনি বলেন, তালিকার ৬০টি ভবন ভাঙার উদ্যোগ নেওয়া হচ্ছে।তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূমিকম্প সহনীয়তার দিক বিচার করলে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা আরও বেশি হবে। চট্টগ্রাম ভূমিকম্প প্রকৌশল ও গবেষণাকেন্দ্রের তথ্য থেকে জানা যায়, চট্টগ্রাম শহরে এক লাখ ৮২ হাজার ভবন রয়েছে। রিখটার স্কেলে ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে সব ভবন বসবাসের অযোগ্য হয়ে পড়বে। একই গবেষণায় এক হাজার ৩৩টি বিদ্যালয়ের ভবনের মধ্যে ৭৩৯টিই ভেঙে পড়ার আশঙ্কা করা হয়।গবেষণাকেন্দ্রের সমন্বয়ক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘সিডিএ বয়সের দিক বিবেচনায় নিয়ে তালিকা করেছে। তার পরও বয়সের ভারে জীর্ণ অনেক ভবন এ তালিকায় আসেনি। আর আমাদের গবেষণা হলো ভূকম্পন সহনীয়তার দিক থেকে। ৬ মাত্রার ভূকম্পন হলে অর্ধেক ভবন ক্ষতিগ্রস্ত হবে।’গবেষণায় বলা হয়, রাত দুইটার দিকে রিখটার স্কেলে ৭ থেকে ৭ দশমিক ৫ মাত্রার ভূকম্পন হলে চট্টগ্রামে এক লাখ ৭৩ হাজার এবং দুপুরে একই মাত্রার ভূকম্পন হলে ৮০ হাজার লোক মারা যাবে। গবেষণায় ভূকম্পন মোকাবিলায় কিছু ভবনের শক্তি বাড়ানোর পাশাপাশি নতুন ভবন নির্মাণের সময় ইমারত নির্মাণ বিধিমালা মেনে চলার ওপর জোর দেওয়া হয়।