সহস্রাধিক মুরগি পুড়ে মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের একটি মুরগির খামারের এক হাজার মুরগি আগুনে ঝলসে মারা গেছে। গত শুক্রবার রাতে শহরের মল্লিকপাড়ার সামসুজ্জামান পোলট্রি ফার্মে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।সরেজমিনে দেখা যায়, মেহেরপুর শহরের মল্লিকপাড়ার বদরুদ্দীন খানের ছেলে সামসুজ্জামান খানের মুরগির খামারে আগুনে কয়েক শ মুরগিসহ খামারের টিনের ছাউনি পর্যন্ত পুড়ে গেছে। আগুনে ঝলসানো মুরগিগুলো পড়ে আছে খামারের মধ্যে। পাশে বসে খামারের মালিক, তাঁর স্ত্রী ও স্বজনেরা বিলাপ করছেন। তাঁদের প্রতিবেশীরাও ঘটনাস্থলে ভিড় করেছে।খামারের মালিক শামসুজ্জামান খান জানান, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় নিজ বাসার ছাদের ওপর খামারে মুরগি দেখভাল করে ও খাবারের ব্যবস্থাসহ বৈদ্যুতিক বাতি ও ফ্যান চালিয়ে তিনি ঘরে যান। রাত ১১টার দিকে তিনি পোড়া গন্ধ পেয়ে কক্ষ থেকে বের হয়ে দেখেন বাড়ির ছাদের ওপরে খামারের চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন। ততক্ষণে ফার্মের সব মুরগিই পুড়ে মারা গেছে। তাঁর ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তাঁর পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। সামসুজ্জামান খান আরও জানান, স্নাতক পাস করে চাকরি না পেয়ে তিন বছর আগে নিজ বাড়ির ছাদে এই খামার করেন। ২০০ মুরগি দিয়ে শুরু হয় ব্যবসা। এ ব্যবসা থেকেই তিনি ভাঙা বাড়িটি সংস্কারসহ কিছু আবাদি জমি কিনেছেন। তাঁর খামারে সহস্রাধিক মুরগি ছিল। প্রতিদিন ৮০০-৯০০ মুরগি ডিম দিত।মেহেরপুর সদর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা তপনেশ্বর রায় জানান, জেলার অধিকাংশ মুরগি খামারের বৈদ্যুতিকব্যবস্থা খুবই অনিরাপদ। এ দিকে খামারিদের নজর দেওয়া দরকার।