সহস্রাধিক যাত্রী নিয়ে নিখোঁজ সি-ট্রাক পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাজার ১০০ যাত্রী নিয়ে এস টি ফজলুল হক মনি নামের একটি সি-ট্রাক গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে লক্ষ্মীপুর আলেকজান্ডার ঘাট থেকে বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন ঘাটের উদ্দেশে রওনা হয়। পথে ঝড়ের কবলে পড়ে যানটি পথ হারিয়ে ফেলে। পরে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর ভোলার তিনটি থানা পুলিশ নয়টি ট্রলারে করে সি-ট্রাক ও যাত্রীদের উদ্ধার করে।সি-ট্রাকের মাস্টার আবুল কালাম বলেন, আলেকজান্ডার ঘাট ছেড়ে আসার ঘণ্টা খানেকের মধ্যেই ঝড়-বাতাসের কবলে পড়ে তিনি পথ হারিয়ে ফেলেন। যাত্রীরা জানান, পথ হারিয়ে ফেলার বিষয়টি তাঁরা বেলা একটার দিকে টের পান। এ সময় কূলে ফেরার জন্য যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।পরে বিষয়টি বোরহানউদ্দিন, দৌলতখান ও তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা প্রশাসককে জানালে পুলিশ তিন দিক থেকে নয়টি ট্রলারে সি-ট্রাকটি খুঁজতে বের হয়। শেষ পর্যন্ত তারা সি-ট্রাকটিকে দৌলতখান উপজেলার পূর্বে মেঘনার মাঝে চর ভবানীপুরে আটকে থাকতে দেখতে পায়। সন্ধ্যা ছয়টার দিকে নয়টি ট্রলারে করে যাত্রীদের উদ্ধার করে দৌলতখানে নেওয়া হয়।