
১৩ বছর আগে স্বাক্ষর হওয়া সহস্রাব্দ ঘোষণা প্রথমবারের মতো উন্নয়নের একটি বৈশ্বিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়, যা আজ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) হিসেবে পরিচিত।
প্রথম থেকে এমডিজি বৈশ্বিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ রূপরেখা হিসেবে বিবেচিত। কারণ এটিই জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর প্রথম উন্নয়নবিষয়ক সর্বসম্মত রূপরেখা, যা শুধু সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জনযোগ্যও বটে। বস্তুত এই লক্ষ্যসমূহ বর্তমান বিশ্বের আটটি উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বৈশ্বিক রোডম্যাপ হিসেবে পরিগণিত। এই লক্ষ্যমাত্রার মূল প্রতিপাদ্য হলো, এই আটটি এমডিজির সব বাস্তবায়িত হলে তা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন নিয়ে আসবে, দূর করবে বৈশ্বিক দারিদ্র্য ও বঞ্চনা। এ ধরনের লক্ষ্য নির্ধারণের ধারণাটি ছিল চমৎকার, আর এই লক্ষ্য নির্ধারণের বিষয়টি বেশ ফলদায়কও প্রমাণ হয়েছে। এর ফলে ‘ফল-অর্জনভিত্তিক ব্যবস্থাপনা’ ও মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তত তিনভাবে সহায়তা করেছে।
প্রথমত, এমডিজির অধীনে, ‘মানব উন্নয়ন’ বৈশ্বিক উন্নয়ন দর্শনের কেন্দ্রে স্থাপিত হয়েছে। সহস্রাব্দ ঘোষণা সমতা, সংহতি, সহনশীলতা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও দায়িত্বের অংশীদারির নীতির ওপর জোর দিয়েছে। উন্নয়নের জন্য দরকার এই নীতিগুলোকে কাজে পরিণত করা। উন্নয়ন যে কেবল বিশুদ্ধ অর্থনৈতিক প্রবৃদ্ধির মডেলের ওপর নির্ভরশীল না, উন্নয়ন মানে যে মানবিক সামর্থ্য ও সম্ভাবনা—মানুষের পছন্দের আওতা বিস্তৃত করায় বিনিয়োগের প্রয়োজনীয়তা, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো তা প্রতিষ্ঠা করেছে। এই কর্মপদ্ধতি কেবল যে মানুষের জীবনের অবস্থার উন্নতি ঘটিয়েছে তা নয়, সিদ্ধান্ত প্রণয়ন-প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণও বাড়িয়েছে।
দ্বিতীয়ত, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ১৫ বছরের জন্য পরিষ্কার রূপকল্প হাজির করেছে এবং জোগান দিয়েছে দীর্ঘমেয়াদি তহবিল। তার পরও এটা সত্য যে উন্নয়ন-সহযোগীরা যতটা আশা করা হয়েছিল প্রকৃত ক্ষেত্রে ততটা তহবিলের জোগান দেয়নি, তার পরও তাদের অবদান তাৎপর্যপূর্ণ। এর লক্ষ্যবিন্দু যথাযথভাবে নির্ধারণ করা হয়েছে এবং তাকে সমন্বিত করা হয়েছে অভিন্ন লক্ষ্যে করা জাতীয় বিনিয়োগের সঙ্গে। এই প্রচেষ্টা সত্যিকার সাফল্য অর্জন করে। এমনকি অর্থনৈতিক প্রতিকূলতার সময়েও দাতাদেশগুলোর তরফে তাদের সরকারি উন্নয়ন-সহযোগিতা কার্যক্রম চালিয়ে যাওয়া ও তার গ্রহণযোগ্যতা সৃষ্টিতে সাহায্য করেছে এমডিজি। এসব লক্ষ্য অর্জনে জাতীয় বাজেট ও জাতীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দেশগুলোর নিজস্ব বিনিয়োগের বিশেষ গুরুত্বের দিকেও আমি জোর দিতে চাই। এই পথেই দাতাদেশগুলোর সঙ্গে বাংলাদেশের মতো গ্রহীতা দেশগুলোর অংশীদারি সম্পর্ক আরও জোরদার হয়। এমডিজির মালিক সরকার—এমডিজি অর্জনে সরকারগুলোর নিজস্ব বিনিয়োগই এর প্রমাণ। এমনকি সরকারগুলো নাগরিকদের জীবনের মান উন্নয়নে দাতাদের তরফে বাড়তি বিনিয়োগ আহ্বানেও সক্ষম।

চূড়ান্তভাবে আগে এমডিজি-পূর্ব উন্নয়ন অন্বেষণ ছিল অসমন্বিত আর ছিল না অভিন্ন ভবিষ্যতের কোনো রূপকল্প। কিন্তু এমডিজি কোনো উচ্চাভিলাষী স্বপ্ন নয়, বরং উচ্চাকাঙ্ক্ষী হলেও তা গণকেন্দ্রিক, সময়াবদ্ধ ও পরিমাপযোগ্য। সাফল্য পরিমাপের জন্য এই লক্ষ্যমাত্রার রয়েছে সুস্পষ্ট রূপরেখা, রয়েছে ঘাটতি নিরূপণের ব্যবস্থা এবং তা উত্তরণে কার্যকর সহায়তা। এর ফলে উন্নয়ন কার্যকারিতা ও সহায়তা সমন্বয়ের মতো ব্যাপারগুলোর আলোচনায় বিশেষ করে ২০০০ সালের পর থেকে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
এখন, ২০১৫ সাল নাগাদ যখন এমডিজি পূরণের সময়সীমা এগিয়ে আসছে, তখন আমাদের যেমন অর্জনের খতিয়ান নিতে হবে, তেমনি তাকাতে হবে সামনে।
বাংলাদেশের এমডিজি অভিজ্ঞতা
বাংলাদেশের সফলতার বাস্তব পরিমাপ বাংলাদেশ ত্বরান্বিত এমডিজি অর্জনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের মডেল হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের এই লক্ষ্য অর্জিত হয়েছে সরকার ও সরকারবহির্ভূত সংস্থাগুলোর লাগাতার দায়বদ্ধতার জন্য। এমডিজির গতি ত্বরান্বিত করায় বাংলাদেশ হলো অন্যতম প্রথম দেশ, যা অদক্ষতার ক্ষেত্র চিহ্নিত করে তা পূরণে সম্পদকে কাজে লাগিয়েছে। ধারাবাহিকভাবে বাংলাদেশের সরকারগুলো জাতীয় পরিকল্পনা ও বাজেটের কাঠামোর সঙ্গে সরাসরি এমডিজির লক্ষ্যকে যুক্ত করে নিয়েছে।
এমডিজি প্রক্রিয়ার সাফল্য তুলে ধরায় যে তিনটি লক্ষ্যে বাংলাদেশ লক্ষণীয় সাফল্য অর্জন করেছে, সেগুলোর উল্লেখ করব।
এমডিজি১ চরম দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ: ১৯৯০ সালে যেখানে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৬০ শতাংশ, সেখানে ২০১২ সালে, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রাক্কলন অনুযায়ী তা নেমে এসেছে ২৬.৪ শতাংশে। ক্ষুধাও অনেক কমিয়ে আনা গেছে। তা হলেও, খাদ্যপ্রাপ্তির সুযোগ বাড়া মানেই অধিকতর পুষ্টি আহরণ নয়। বাংলাদেশে পাঁচ বছরের নিচের শিশুদের ৪৫ শতাংশ এখনো ওজন ঘাটতিতে আছে। বৈশ্বিক অভিজ্ঞতায়ও এই প্রবণতা প্রতিফলিত হচ্ছে। আসল চ্যালেঞ্জ এখনো খাদ্যনিরাপত্তা নিশ্চিত নয়, উচ্চ পুষ্টিগুণসম্পন্ন খাদ্যপ্রাপ্তির সুযোগ সৃষ্টি করাই আসল চ্যালেঞ্জ।
এমডিজি২ সবার জন্য প্রাথমিক শিক্ষা: প্রাথমিক শিক্ষার আওতাভুক্ত হওয়ার ক্ষেত্রে উন্নত দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর ফারাক এখনো ১০ শতাংশের কম। বাংলাদেশে ১৯৯০ থেকে ২০১১ সালে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ৬০ থেকে ৯৫ শতাংশে উন্নীত হয়েছে। এই হারের মধ্যে ছেলে ও মেয়েদের অংশ সমান সমান। এটা এক দারুণ অর্জন, যদিও আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এমডিজির পূর্ণ লক্ষ্য আংশিকভাবেই অর্জিত হবে। একই সঙ্গে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা দেখতে পাই যে অন্য আরেকটি শিক্ষাগত লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে, সেটা হলো মানসম্পন্ন শিক্ষার ধারণা। এ ব্যাপারে এগিয়ে যাওয়ার পথে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে এমন পাঠ্যসূচি, যা নবীন বাংলাদেশিদের কেবল জটিল কাজের দক্ষতাই শেখাবে না, শেখাবে নাগরিকতা, জাতীয় ইতিহাস ও সহনশীলতার পাঠ। তাহলে আমাদের শিক্ষকদের পেছনেও বিনিয়োগ করতে হবে এবং হতে হবে সৃজনশীল। বাংলাদেশ যেখানে গিয়ে এমডিজি অর্জনে কমতিতে থাকবে সেটা হলো, শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যন্ত বিদ্যালয়ে ধরে রাখা।
এমডিজি৫ মাতৃস্বাস্থ্যের উন্নয়ন: বাংলাদেশে মাতৃমৃত্যুর হার ১৯৯৪ সালে ছিল জীবিত শিশুর জন্মের ক্ষেত্রে প্রতি এক লাখে ৫৭৪ জন। এটাই ছিল পরিমাপের ভিত্তি। ২০১১ সালে সংখ্যাটি নেমে গেছে ১৯৪ জনে। এটা যুগান্তকারী অর্জন হলেও এ ক্ষেত্রে সবচেয়ে কঠিন সাফল্য এখনো অর্জনের অপেক্ষায়। প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং ক্লিনিকের অপ্রাপ্যতা এখনো মাতৃস্বাস্থ্যের সুরক্ষায় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। একই অবস্থা প্রসবের সময় পেশাদার স্বাস্থ্যকর্মী পাওয়ার বেলায়ও।
এ বছরের এপ্রিল মাসে আমরা ‘পদক্ষেপের ১০০০ দিন’ কর্মসূচি চালু করেছি। এর লক্ষ্য ২০১৫ সালে এমডিজি পূর্ণ করার যে সময়সীমা, তার আগের ১০০০ দিনে অসম্পূর্ণ লক্ষ্যগুলো পূরণে কর্মকাণ্ড জোরদার করা। জাতিসংঘের মহাসচিব বান কি মুন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন: স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি ও পয়ঃপ্রণালি খাতে লক্ষ্যভিত্তিক বিনিয়োগ বাড়ানো; নারী ও কিশোরীদের ক্ষমতায়ন; সবচেয়ে নাজুক অবস্থায় থাকা মানুষের ওপর আলোকপাত; সাহায্যের প্রতিশ্রুতি পালন এবং অবস্থা বদলের স্বার্থে সরকার ও তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোর কর্মকাণ্ড জোরদার করা। বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথে মনোযোগ দরকার এমন অন্য খাতগুলোর কথাও ভুলে যাওয়া চলবে না আমাদের। বিশেষ করে, এমডিজি৩ (লিঙ্গসমতা এবং নারীর ক্ষমতায়নে সহায়তা)-এর ক্ষেত্রে গতিশীলতা আনা দরকার। এ বিষয়ে আলোকপাতের সময় আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে নারীর সমতা ও ক্ষমতায়ন কেবল এই ক্ষেত্রে কাজের ওপর নির্ভরশীল না, বরং তা অন্যান্য ক্ষেত্রের লক্ষ্য অর্জনের সঙ্গে সম্পর্কিত।
যা হোক, উন্নয়ন আসলে কোনো সংখ্যার খেলা নয়। আমাদের উচিত সংখ্যার সীমায় পৌঁছানোর পাশাপাশি উন্নয়নে প্রগতির মান নিশ্চিত করা। এমডিজি কার্যক্ষেত্রে উদ্ভাবনশীল এবং ফলাফল-প্রভাবিত (রেজাল্ট অ্যাফেক্টিভ)-এর থেকেও এগিয়ে যাওয়া সত্যিই এক রোমাঞ্চকর সুযোগ। এমডিজির সাফল্যসোপান আমাদের নির্মাণ করা উচিত এমনভাবে, যাতে আমরা কেবল এর নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যেই দৃষ্টিকে সীমিত করে না রাখি। আমরা যে লক্ষ্য বেছে নেব, তা যেন বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক হয়, হয় উচ্চাভিলাষী কিন্তু সম্ভবপর, উত্তরণকামী কিন্তু বাস্তব।
২০১৫-পরবর্তী উন্নয়ন কর্মসূচি প্রণয়ন
২০১২ সালে জাতিসংঘের মহাসচিব এক বৈশ্বিক সংলাপের সূচনা করেন। নাগরিক সমাজ ও সরকারসহ ১০ লাখেরও বেশি মানুষের সঙ্গে ভবিষ্যতে তাদের জীবনের উন্নতির আকাঙ্ক্ষা নিয়ে সংলাপ হয়েছে। তিনি নীতিপ্রণেতাদের কৌশলগত সহায়তার জন্য জাতিসংঘের বিশেষ বিশেষজ্ঞ দল নিয়োজিত করেছেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এই জাতীয় পরামর্শ-প্রক্রিয়া গ্রহণ করেছে। জাতিসংঘ অল্পসংখ্যক দেশকে তাদের জাতীয় পরামর্শ-প্রক্রিয়ায় সহায়তার জন্য বেছে নিয়েছে, যার অন্যতম বাংলাদেশ। এবং বাংলাদেশ ‘স্বল্পোন্নত’ দেশগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয় ও সরব দেশ হিসেবেও আবির্ভূত হয়েছে। এমডিজির অগ্রগতির ধারাবাহিকতায় এর মূল লক্ষ্যগুলো পূরণের পথে আমাদের আর কী কী কর্মকাণ্ড থাকা উচিত তা নিয়ে বৈশ্বিক সংলাপেও বাংলাদেশের কণ্ঠস্বর গুরুত্বের সঙ্গে উচ্চারিত হয়; যেহেতু কিছু কিছু চ্যালেঞ্জ এখনো পূর্ণ হয়নি এবং ওই সব অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু উদ্ভাবনাময় কৌশল নিয়ে সফল হয়েছে। এটা বলাই সংগত যে বিশ্ব বাংলাদেশের কথা শুনছে।
বাংলাদেশে, নাগরিক সমাজ নেতাদের একটি প্যানেল, চিন্তক, উন্নয়ন বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা ২০১৫ সালের পর উন্নয়ন এজেন্ডা কী হবে তা নিয়ে দেশব্যাপী পরামর্শ-প্রক্রিয়া চালিয়েছেন। এ থেকে বেরিয়ে এসেছে অংশগ্রহণকারীদের নতুন ধ্যানধারণা, চিন্তা, স্বপ্ন ও উচ্চাভিলাষ। ২০১৫-পরবর্তী উন্নয়ন দৃষ্টিভঙ্গিতে লক্ষ্য হিসেবে গ্রহণের জন্য বাংলাদেশ প্রস্তাব করেছে: জলবায়ু পরিবর্তনের প্রভাব, নারীর ক্ষমতায়ন ও সমতা অর্জন, গণতান্ত্রিক পরিচালনা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং গ্রহণবাদী (ইনক্লুসিভ) সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন।
যে রূপরেখা আমি চিহ্নিত করলাম তাতে দেখা যাচ্ছে, এমডিজি পূরণে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটিয়েছে, কিন্তু এখনো করার আছে অনেক কিছু। এ বিষয়ে জাতীয় পর্যায়ে আলাপ-আলোচনা থেকে গুরুত্বপূর্ণ যে ধারণাটি বেরিয়ে এসেছে তা হলো ন্যায়পরায়ণতা। উন্নয়নকে অবশ্যই কেবল সামাজিকভাবে, প্রতিবেশগতভাবে এবং রাজনৈতিকভাবে টেকসই হলেই হবে না, তাকে হতে হবে ন্যায়পরায়ণ। কেবল বাংলাদেশের বেলায় নয়, পৃথিবীর সব দেশের বেলায়ই এই চ্যালেঞ্জ প্রযোজ্য। খেয়াল রাখা গুরুত্বপূর্ণ যে বিশ্বের বিপুলসংখ্যক হতদরিদ্র মানুষ বাস্তবে দরিদ্র দেশগুলোতে বাস করে না। যেমন ধরা যাক, ২০১২ সালে ভারতে প্রায় ৫০ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করত, যেখানে বাংলাদেশ রয়েছে দারিদ্র্য হটানোর পথে। কিন্তু এর বৈশিষ্ট্য হলো, এই অর্জন এখনো নাজুক। এবং বাংলাদেশ ইতিমধ্যে যত দূর এগিয়েছে (দারিদ্র্য ৬০ থেকে ৩২ শতাংশে নামিয়ে আনা) তার থেকে আরও কঠিন হবে ৩০ শতাংশ দরিদ্র মানুষের সংখ্যাকে (ধরা যাক) ১০ শতাংশে নামিয়ে আনা।
অর্জনের পরের চক্রটিতে আমাদের আরও বাস্তব দৃষ্টিপাত করতে হবে বলে আমি মনে করি। কেবল জ্বালানি, অবকাঠামো ও শিক্ষায় বিনিয়োগ করলেই চলবে না, দুর্নীতি দূরীকরণ এবং টেকসই গণতান্ত্রিক শাসন অর্জন, নারীর ক্ষমতায়ন ও সমতা প্রতিষ্ঠার দিকে আমাদের সচেষ্ট হতে হবে। শক্তিশালী অর্থনৈতিক বিকাশ ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের সঙ্গে সর্বজনবাদী সামাজিক উন্নয়নের ভারসাম্য রক্ষা করা কঠিন হতে পারে, কিন্তু এদের অবশ্যই পরস্পরের ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। আগামী নির্বাচন নিয়ে উত্তেজনা অনুভূত হলেও, এই দেশের ইতিহাসের দিকে তাকিয়ে আমি যা আসছে তাতে ভরসা রাখি। ন্যায়পরায়ণতাকে শক্তিশালী করা, শক্তিশালী ও উদার গণতন্ত্রকে সক্ষম করে তোলা, তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করা এবং পুরোনো ও নতুন অংশীদারকে কাজে লাগানোই হবে সামনে এগিয়ে যাওয়ার হাতিয়ার। গত ১৩ বছরে এমডিজি অর্জনের ফল প্রমাণ করেছে, বাংলাদেশ বিশ্বই হোক আর দেশেই হোক, যা অর্জন করতে চায়, তা বাস্তবায়নে সক্ষম।
ইংরেজি থেকে অনূদিত
নিল ওয়াকার: বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক