সহানুভূতিশীল সমাজ গঠনের আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

ঈদুল আজহার শিক্ষার মাধ্যমে আমাদের ধৈর্য ও আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, সহানুভূতিশীল ও ধৈর্যশীল সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। কেউ যাতে ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটতে না পারে, সে জন্য সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি আজ শুক্রবার সকালে বঙ্গভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক সংবর্ধনায় এ আহ্বান জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার পত্নী রাশিদা খানম, উচ্চপদস্থ কর্মকর্তা, সমাজের গণমান্য ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন।
রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে হাজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
আবদুল হামিদ বলেন, বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এবং সকল ধর্মের লোক তাদের ধর্ম পালন মুক্তভাবে করছেন, যা বাংলাদেশের একটি চমৎকার ঐতিহ্য। তিনি বলেন, ‘ঈদুল আজহার শিক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আমাদের সামাজিক ও ব্যক্তিজীবনে যথাযথভাবে অনুশীলন করে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ সময় অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তিন বাহিনী প্রধান, সম্পাদক, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, জাতীয় পদকপ্রাপ্ত ব্যক্তি, সিনিয়র সাংবাদিক, লেখক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ সংবর্ধনায় যোগদান করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ অতিথিদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।