সহানুভূতিহীন শিক্ষক, অসহায় শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদ্রাসাপড়ুয়া সোনিয়া আক্তার (১৫) নামের এক দরিদ্র শিক্ষার্থী নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্ট অন্যদের সহানুভূতিহীনতায় এবার আর দাখিল পরীক্ষায় অংশ নিতে পারছে না। উপরন্তু মেয়েটি প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে দিয়েছেন।
উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর দাখিল মাদ্রাসায় গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পরে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে তালা খুলে দেন এলাকাবাসী।
সোনিয়া আক্তার জানায়, মহেশপুর দাখিল মাদ্রাসা থেকে তার এবার দাখিল পরীক্ষা দেওয়ার কথা ছিল। ফরম পূরণ বাবদ মাদ্রাসা কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কাছ থেকে ৩ থেকে ৩ হাজার ৭০০ টাকা করে নিয়েছে। কিন্তু তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না। বহু চেষ্টা করে ফরম পূরণের একেবারে শেষ দিনে সে ২ হাজার টাকা নিয়ে মাদ্রাসায় ছুটে যায়। মাদ্রাসা সুপার আবদুল কাদির টাকাটা দপ্তরি হাদিস মিয়ার হাতে দিতে বললে সে তাই করে।
মেয়েটি আরও জানায়, সে পরে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসায় আয়োজিত বিদায় সংবর্ধনায় অংশ নেয়। নির্দিষ্ট দিনে তার ৩৩ সহপাঠী প্রবেশপত্রও পায়। কিন্তু সে পায়নি। সবাইকে যখন প্রবেশপত্র দেওয়া হচ্ছিল, তখন সুপার তারটা পরে বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু প্রবেশপত্র না পাওয়ায় খোঁজ নিয়ে সে জানতে পারে, মাদ্রাসা কর্তৃপক্ষ তার ফরমই পূরণ করেনি।
মাদ্রাসার দপ্তরি হাদিস মিয়া বলেন, সুপার তাঁকে মেয়েটির কাছ থেকে টাকাটা নিতে বলেছিলেন। তিনি টাকা নিয়ে সুপারের হাতে দিয়েছেন।
মাদ্রাসার সুপার আবদুল কাদেরকে গতকাল মাদ্রাসায় পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উল্টো প্রশ্ন করে বলেন, ‘ওই ছাত্রী ফরম পূরণের টাকা দপ্তরিকে দেবে কেন ?’ তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান বলেন, ‘মেয়েটির পরিবার ঘটনাটি আগে জানালে একটা ব্যবস্থা নেওয়া যেত। এখন তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীকেও এটা জানিয়েছি। পরে তারা মাদ্রাসায় লাগানো তালা খুলে দিয়েছে।’