সহায়তা দেওয়া হলো আরও ২০ জনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ম্যাডোনা গ্রুপের অর্থসহায়তায় গতকাল প্রথম আলো কার্যালয়ে সাভারের রানা প্লাজা ধসে আহত ২০ জনকে ২০ হাজার টাকা করে এককালীন অর্থ দেওয়া হয়  ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ম্যাডোনা গ্রুপের অর্থসহায়তায় গতকাল প্রথম আলো কার্যালয়ে সাভারের রানা প্লাজা ধসে আহত ২০ জনকে ২০ হাজার টাকা করে এককালীন অর্থ দেওয়া হয় ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ম্যাডোনা গ্রুপের অর্থসহায়তায় সাভারে ভবনধসে আহত ২০ জনকে ২০ হাজার টাকা করে এককালীন সহায়তা দেওয়া হয়েছে।

 গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো ট্রাস্টের তত্ত্বাবধানে এককালীন এই অর্থ (মোট চার লাখ টাকা) আহত ব্যক্তিদের হাতে তুলে দেন ম্যাডোনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। মো. আখতারুজ্জামান বলেন, ‘এই দুর্যোগ কাটিয়ে পোশাক খাতে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ, এটা আমাদের দেশের উন্নয়নের মূল হাতিয়ার।’ তিনি আরও বলেন, শ্রমিকদের ঠকিয়ে কোনো প্রতিষ্ঠান বড় হতে পারে না। সব প্রতিষ্ঠানের উচিত শ্রমিকের পাওনা সঠিক সময়ে বুঝিয়ে দেওয়া।

যাঁদের সহায়তা করা হলো: ইসমত আরা, শিরিন, রেহেনা, জেসমিন আক্তার, হিরা রানী দাশ, নাসিমা, বীণা, শাহিদা আক্তার, উর্মি, শিরিন, রুমা আক্তার, গোলাপী, আয়েশা, মিজানুর, শামসুল আলম, সাইফুল ইসলাম, কালাম হোসেন, আলীম, শাহিদুল, বাকীবিল্লাহ।

নওগাঁর বাণীশহরের বাসিন্দা শামসুল আলম জানালেন, আহত হয়ে তিনি এখনো দাঁড়াতে পারে না। হুইলচেয়ারে চলাফেরা করেন। এই টাকা পেয়ে দোকান করবেন তিনি। নড়াইলের লোহাগড়ার মেয়ে ইসমত আরার ডান পায়ের হাড় ভেঙেছে। ঘটনার দিন ১৩ ঘণ্টা পর উদ্ধার হন তিনি। এখনো গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। সাতক্ষীরার কালিঞ্চির বাসিন্দা শাহিদুল ইসলাম ঘটনার দিন ১১ ঘণ্টা পর উদ্ধার হন। ওই ঘটনায় তাঁর পায়ের মাংস থেঁতলে যায়। পায়ে একবার অস্ত্রোপচার হয়েছে। আবার অস্ত্রোপচার করাতে হবে।

মেরিল-প্রথম আলো সহায়তা তহবিলের পরিকল্পনা: মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলের আওতায় আহত ব্যক্তিদের মধ্যে ১০০ জনকে বাছাই করে তাঁদের আর্থিক সহায়তা দেওয়া ও পুনর্বাসনের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী প্রতি ১৫ দিন পর ১০ জন করে আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া ও পুনর্বাসিত করা হচ্ছে। তহবিল থেকে মো. রাশেদুল ইসলামকে ৫০ হাজার টাকার স্থায়ী আমানতপত্র দেওয়া হয়। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছয়জনের চিকিৎসাসংক্রান্ত মোট ব্যয় হয়েছে ৫৬ হাজার টাকা, মিঠুন আহমেদের দাঁতের চিকিৎসার জন্য একটি বেসরকারি ডেন্টাল ক্লিনিকে খরচ হয় ৩০ হাজার টাকা।

 তহবিলে আরও যাঁরা সাহায্য দিলেন: সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ৭৫,০০০; সাউথ ব্রিজ স্কুল ৭৮০০; আজাদ হোসেন ৫০০০; সিরাজুম মনিরা ১০০০ টাকা। তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়াল ২,১৪,২৯,৯২৩ টাকা। এখন পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৪২,৪২,৮১৮ টাকা। বাকি অর্থ আহত ব্যক্তিদের পুনর্বাসনে ব্যয় করা হবে।