সহায়তা পায়নি ১৩ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজরীনের অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন তিন মেয়ে লাভলী, লাইলী ও পপি। তাঁদের রোজগারেই চলত রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাবুল মিয়া ও বিজলী বেগমের সংসার। পপির জন্য সহায়তা পেলেও অন্য দুই মেয়ের জন্য সহায়তার টাকা পায়নি পরিবারটি। গত পরশু তোলা ছবি l মঈনুল ইসলাম
তাজরীনের অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন তিন মেয়ে লাভলী, লাইলী ও পপি। তাঁদের রোজগারেই চলত রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাবুল মিয়া ও বিজলী বেগমের সংসার। পপির জন্য সহায়তা পেলেও অন্য দুই মেয়ের জন্য সহায়তার টাকা পায়নি পরিবারটি। গত পরশু তোলা ছবি l মঈনুল ইসলাম

তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ২১ মাস পার হলেও নিহত ও নিখোঁজ ১৩ জন শ্রমিকের পরিবার এখনো আর্থিক সহায়তা পায়নি। সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যে এঁদের ১০ জনের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোও হয়েছে। আর বাকি তিনজন ওই কারখানার শ্রমিক হিসেবে নিশ্চিত হলেও পরিবার শনাক্তকরণের টানাহেঁচড়া এখনো চলছে।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ১১১ জন (সরকারি হিসাবে) শ্রমিক। তাঁদের মধ্যে ৯৮ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে সাত লাখ করে টাকা দেওয়া হয়েছে।
সম্প্রতি তদন্তের পরে দুই দফায় বাকি ১৩ শ্রমিকের মধ্যে ১০ জনের নামের তালিকা নিশ্চিত করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছে শ্রম মন্ত্রণালয়। এই ১০ জনের মধ্যে গত বছরের ৮ ডিসেম্বর পাঠানো হয় রোজিনা, আকলিমা, মাহফুজা, রেহানা, হেনা, লাভলী, লাইলী ও জোনাব আলীর নাম। আর গত ২২ মে পাঠানো হয় আহেনুর ও সালমার নাম। বাকি তিনজন জাহেদা, আসমা ও শাহানা শারমিনের বিষয়ে পুনরায় আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।
এ প্রতিবেদক সহায়তাবঞ্চিত মোট নয়জনের স্বজনের সঙ্গে কথা বলেছেন। এঁরা জানান, এত দিন ধরে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ করেও তাঁরা সহায়তার টাকা পাননি। এর মধ্যে দুই দফায় তাঁদের ডিএনএ পরীক্ষা করা হয়েছে। পুলিশও একাধিকবার তাঁদের গ্রামের বাড়িতে গিয়ে অনুসন্ধান করেছে। গত ১২ মে শ্রম মন্ত্রণালয়ে যোগাযোগ করলে তাঁরা জানতে পারেন, এক সপ্তাহের মধ্যে টাকাটা মিলবে। কিন্তু ওই পর্যন্তই।
এই শ্রমিকদের স্বজনেরা কবে নাগাদ আর্থিক সহায়তা পেতে পারেন, জানতে চাইলে শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাইজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো তালিকাভুক্ত ১০ জনের বিষয়টি পুরোপুরি ওই দপ্তরের ওপর নির্ভর করছে। বাকিরা আবার আবেদন করতে পারেন।
এ বিষয়ে জানার জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব শামীম চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি এ নিয়ে কিছু জানাতে পারেননি।

তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে একমাত্র সন্তান হেনাকে হারিয়েছেন রুকাইয়া বেগম। শনাক্তকরণের টানাহেঁচড়ায় ২১ মাসেও মেলেনি সহায়তার টাকা। আশুলিয়া থেকে তোলা ছবি
তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে একমাত্র সন্তান হেনাকে হারিয়েছেন রুকাইয়া বেগম। শনাক্তকরণের টানাহেঁচড়ায় ২১ মাসেও মেলেনি সহায়তার টাকা। আশুলিয়া থেকে তোলা ছবি

তাজরীন ফ্যাশনসের আগুনে তিন মেয়েকেই হারিয়েছেন রংপুরের বাবুল মিয়া৷ দুই মেয়ে লাভলী ও লাইলীর লাশ শনাক্ত হয়নি, আর্থিক সহায়তাও মেলেনি। তবে ছোট মেয়ে পপির জন্য টাকা পেয়েছেন৷ পরিবার নিয়ে বাবুল মিয়া এখন রংপুরের গঙ্গাচড়ায় থাকেন। মা নেই, তাই বড় মেয়ে লাভলীর ছেলে নাইম এখন নািনকেই মা ডাকে।

মা কাজে গেছেন, ফিরে আসবেন কাজ শেষে। এ আশায় এখনো দিন কাটে নিহত মাহফুজার তিন বছরের ছেলে মাসুমের। গত পরশু আশুলিয়া থেকে তোলা ছবি l প্রথম আলো
মা কাজে গেছেন, ফিরে আসবেন কাজ শেষে। এ আশায় এখনো দিন কাটে নিহত মাহফুজার তিন বছরের ছেলে মাসুমের। গত পরশু আশুলিয়া থেকে তোলা ছবি l প্রথম আলো

দুবার ডিএনএ নমুনা দিয়েও মায়ের লাশ খুঁজে পায়নি লাভলীর ছেলে নাইম। তবে তদন্ত করে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিশ্চিত করেছে যে লাভলী তাজরীনের আগুনে মারা গেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো তালিকার ১০ জনের মধ্যে শুধু রোজিনা ও আকলিমার পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। বাকি আটজনের স্বজনদের শনাক্ত করা হয়েছে তাঁদের নিবাসী জেলার প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তদন্তের মাধ্যমে।
ওই তালিকাভুক্ত হেনা ছিলেন রুকাইয়া বেগমের একমাত্র সন্তান। সম্প্রতি সাভারের নিশ্চিন্তপুরে তাঁর বাড়িতে এ প্রতিবেদককে তিনি বলেন, ‘আজকে দিমু, কালকে দিমু করে দুই বছর হইয়া গেছে। বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয়, ইউএনও অফিস, ইউনিয়ন পরিষদে যোগাযোগ করছি, কিন্তু কবে টাকা পামু, সেই নিশ্চয়তা কেউ দিতে পারে না।’
নিহত জাহেদা বেগমের পরিবারকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছিল দ্বিতীয় দফাতেই। মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর স্বামী নাজিমুদ্দিন প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরে ক্ষতিপূরণ দেওয়ার দিন তিনি যেতে পারেননি এবং পরে টাকাটা পাননি। তাঁদের গ্রামের বাড়ি মিঠাপুকুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুনুর রশীদও ফোনে বলেছেন, তাঁর জানামতে পরিবারটি টাকা পায়নি।

মা মাহফুজা ও বোন রোজিনাকে হারিয়েছে মাসুদ রানা। মাহফুজার জন্য সহায়তা পেলেও রোজিনার জন্য কিছুই পায়নি পরিবারটি
মা মাহফুজা ও বোন রোজিনাকে হারিয়েছে মাসুদ রানা। মাহফুজার জন্য সহায়তা পেলেও রোজিনার জন্য কিছুই পায়নি পরিবারটি

এই স্বজনদের অভিযোগ, ডিএনএ পরীক্ষার নামে অনেকটা সময় নষ্ট করা হয়েছে। তাঁরা বলেন, নিহত ১১১ জনের সবার ডিএনএ পরীক্ষা করা হয়নি। অগ্নিকাণ্ডের পর ৬২ জন শ্রমিকের লাশ নিয়ে যান স্বজনেরা। ডিএনএ পরীক্ষা ছাড়াই তাঁদের সমাহিত করা হয়েছে। বঞ্চিত স্বজনেরা বলছেন, তখন যদি কারও শনাক্তকরণে ভুল হয়ে থাকে, তা হলে ডিএনএ নাও মিলতে পারে।
তাজরীনে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় নিয়ে ২০১৩ সালের ২৮ এপ্রিল হাইকোর্টে রিট করেছিলেন সাইদিয়া গুলরুখসহ তিনজন নৃবিজ্ঞানী। সাইদিয়া গুলরখও এ প্রতিবেদককে বলেন, নিহত সবার ডিএনএ পরীক্ষা করা হয়নি বলে এভাবে সবাইকে শনাক্ত করা সম্ভব নয়।
তাজরীন ফ্যাশনসের পুড়ে যাওয়া ভবনটি দেখতে দেখতেই বড় হচ্ছে ছোট্ট মাসুম। ওই ভবনের আগুনে মাসুমের মা মাহফুজা যখন মারা যান, তখন মাসুমের বয়স ১৮ মাস। এখনো ভবনটির পেছনেই বাবা আবদুল জব্বারের সঙ্গে থাকে মাসুম। পুড়ে যাওয়া ভবনের এত কাছে থাকলেও এই শ্রমিক পরিবারটি কোনো আর্থিক সহায়তা পায়নি।
তালিকায় থাকা নিহত রেহানার ভাই মতিকুল ইসলাম জানান, ঈদের কয়েক দিন আগে শ্রম মন্ত্রণালয়ে যোগাযোগ করে শুনেছিলেন ঈদের পর সহায়তার অর্থ দেওয়া হবে। তিনি সে অনুযায়ী পরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। সহায়তা পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করলেও কবে সেটা মিলবে, তা তাঁরা নিশ্চিত বলতে পারেননি।