সহায়তার ১৩ কোটি টাকা ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের ছোবলে পটুয়াখালী জেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত সাড়ে ছয় হাজার বাড়িঘর পুনর্নির্মাণ ও মেরামতের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া ১৩ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শান্তিরঞ্জন বৈদ্য জানান, গত অর্থবছরে (২০১২-১৩) ওই বিশেষ অনুদান বরাদ্দ দেওয়া হয়। ২০ জুন বরাদ্দের চেক আটটি উপজেলায় বিতরণ করা হয়। ৩০ জুন ওই অর্থবছর শেষ হয়ে গেলে সময়স্বল্পতায় উপজেলা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঠিক তালিকা দিতে পারেনি। তা ছাড়া বর্ষা মৌসুম এসে পড়ায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত বা পুনর্নির্মাণকাজে হাত দেওয়া সম্ভব হয়নি। কোনো উপজেলাই বরাদ্দ পাওয়া টাকা কাজে লাগাতে পারেনি। তাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দেওয়া চিঠি অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সরকারি কোষাগারে ওই টাকা জমা দিয়েছে।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত হোসেন বলেন, ‘টাকা খরচ করতে না পারায় আমরা ৩ জুলাই সরকারি কোষাগারে তা জমা দিয়েছি।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় মহাসেনে জেলার কলাপাড়া উপজেলায় দুই হাজার ২৩০, রাঙ্গাবালীতে দুই হাজার ১৯০, গলাচিপায় ৯৭৫, সদরে ৪২২, বাউফলে ১৬৩, দশমিনায় ২৩৪, মির্জাগঞ্জে ২২৭ ও দুমকিতে ৫৯টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সহায়তা হিসাবে ৯ জুন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এ হিসাবে কলাপাড়ায় চার কোটি ৪৬ লাখ, রাঙ্গাবালীতে চার কোটি ৩৮ লাখ, গলাচিপায় এক কোটি ৯৫ লাখ, পটুয়াখালী সদরে ৮৪ লাখ ৪০ হাজার, বাউফলে ৩২ লাখ ৬০ হাজার, দশমিনায় ৪৬ লাখ ৮০ হাজার, মির্জাগঞ্জে ৪৫ লাখ ৪০ হাজার ও দুমকি উপজেলায় ১১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল।