সহায়ক বই বিরোধীদের বই প্রকাশ করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন ছাড়া সহায়ক বই প্রকাশসহ প্রকাশকদের ‘যৌক্তিক’ দাবির বিরোধিতাকারীদের লেখা বই প্রকাশ না করার হুমকি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। প্রস্তাবিত শিক্ষা আইনে সহায়ক বা অনুশীলন বই প্রকাশের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে আসছেন শিক্ষাবিদ, লেখক ও বিশিষ্ট নাগরিকদের অনেকেই।
গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও কোনো প্রতিষ্ঠান যদি এই ভূমিকা থেকে নিবৃত্ত না হয়, তাহলে সমিতির সদস্যরা তাদের লেখা বই, প্রকাশ, ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ বন্ধ করে দেবেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদন ছাড়াই সহায়ক বই প্রকাশের সুযোগ, নোট-গাইডের সংজ্ঞাসংক্রান্ত উপধারা বাতিলসহ কয়েকটি দাবিতে কর্মসূচি দিয়েছে সমিতি।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ ডিসেম্বর সব জেলায় বইয়ের দোকান বন্ধ রেখে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা এবং ২৭ ও ২৮ ডিসেম্বর দুই দিন সব বইয়ের দোকান বন্ধ রাখা। এরপরও দাবি পূরণ না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন।