সহায়তা আর ভালোবাসা পারে মাদক থেকে ফেরাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের ‘আসুন মাদক মুক্ত থাকি’ অনুষ্ঠানে (বাঁ থেকে) সৈয়দ ফাহীম সামস, মো. জিল্লুর রহমান খান, মো. জোবায়ের মিয়া, মোহিত কামাল, ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল, সিফাত–ই–সাইদ ও ফারজানা রহমান l প্রথম আলো
রাজধানীর ধানমন্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের ‘আসুন মাদক মুক্ত থাকি’ অনুষ্ঠানে (বাঁ থেকে) সৈয়দ ফাহীম সামস, মো. জিল্লুর রহমান খান, মো. জোবায়ের মিয়া, মোহিত কামাল, ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল, সিফাত–ই–সাইদ ও ফারজানা রহমান l প্রথম আলো

রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে ঢুকতেই চারটি ছোট টেবিল। প্রতিটি টেবিলের সামনে ও পেছনে চেয়ার। টেবিলের এক পাশের চেয়ারে মনোরোগ চিকিৎসক আর এক পাশে মাদকাসক্ত ব্যক্তি। কারও কারও সঙ্গে এসেছেন অভিভাবকও। সমস্যার ধরন অনুযায়ী পরামর্শ দিচ্ছেন চিকিৎসক।
প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৮১-এর চিত্র এটি। গতকাল মঙ্গলবার এই পরামর্শ সহায়তার আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। মাদকাসক্ত ব্যক্তি ও তার পরিবারের পরিচয় গোপন রেখে মনোরোগ বিশেষজ্ঞরা এই পরামর্শ সহায়তা দেন। গতকাল ২৫টি পরিবার পরামর্শ সহায়তা নেয়।
সেখানে মনোরোগ চিকিৎসকেরা অভিভাবকদের উদ্দেশে বলেছেন, সহায়তা আর ভালোবাসা পারে মাদকাসক্ত ব্যক্তিকে মাদক থেকে ফেরাতে।
বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত পরামর্শ সহায়তা দেওয়া হয়। এরপর হয় আলোচনা অনুষ্ঠান। সভায় বিশেষজ্ঞরা বলেন, মাদকাসক্তি সম্পূর্ণ নিরাময়যোগ্য। এ জন্য তিনটি বিষয় দরকার। এক. আসক্তির বিষয়টি গোপন করা যাবে না। সন্তান বা পরিবারের সদস্যের আচরণ সন্দেহজনক হলে দ্রুত মনোরোগ চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে ও পূর্ণ চিকিৎসা করাতে হবে। দুই. মাদকাসক্ত ব্যক্তিকে ঘৃণা না করে পাশে থাকতে হবে। তিন. পরিবারকে ধৈর্য ধরতে হবে। কারণ, আসক্ত ব্যক্তি অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারে। মাদকাসক্ত ব্যক্তিরও মাদক ছাড়ার ইচ্ছা থাকতে হবে।
অনুষ্ঠানে দুজন নারী মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার গল্প শোনান।
প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সালের সঞ্চালনায় এতে মনোরোগ বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল, সহকারী অধ্যাপক ফারজানা রহমান, মো. জিল্লুর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সিফাত-ই-সাইদ, শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ ফাহীম সামস ও আপন-এর নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল পরামর্শ দেন।
৩ মে বিকেল চারটায় একই স্থানে পরবর্তী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হবে। +৮৮০১৭১৬২৪২২১৫ নম্বরে যোগাযোগ করে বা সরাসরি হাজির হয়ে বিনা মূল্যে পরামর্শ সেবা নেওয়া যাবে।