
আর কয়েক দিন পর হজ। এ উপলক্ষে মক্কা হয়ে উঠেছে বিশ্বনগর। নানান ভাষা-বর্ণের মানুষ, কিন্তু সবার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর এই মেহমানদের খেদমতে সৌদি সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি হজযাত্রীদের খাবার-দাবার উপহার দিচ্ছেন। স্থানীয়ভাবে একে সাবিল (ফি সাবিলিল্লাহ বা আল্লাহর ওয়াস্তে’র সংক্ষিপ্ত রূপ) বলা হয়।
আবার এই বিশ্ব আসর থেকে নানা পন্থায় কিছু উপার্জনের চেষ্টাও করে যাচ্ছেন কিছু লোক। তাঁদের সেই চেষ্টা সাধারণ হজযাত্রীদের জন্য অনেক বিড়ম্বনারও।
সাবিল: ধরুন, ভোর চারটার সময় একা একা মসজিদুল হারামের দিকে হাঁটছেন। দেখলেন, কেউ একজন রাস্তার পাশে বিশাল ফ্লাস্ক নিয়ে বসে আছেন। আর সবাইকে ডেকে ডেকে এক কাপ গরম চা খাওয়াচ্ছেন।
কখনো দুপুরে রাস্তার পাশে মাইক্রোবাস থেকে রুটি, তরকারি আর পানির বোতল অথবা পলিথিনে করে বিরিয়ানি পরিবেশন করছেন কেউ। সারাক্ষণ চলাফেরায় থাকা হজযাত্রীরা নির্দ্বিধায় এসব খাবার খেতে পারেন; খানও অনেকে।
মিসফালাহ ব্রিজের নিচে সৌদি সরকারের পক্ষ থেকে নাশতার প্যাকেট দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে কেক, বিস্কুট, জুস ও পানি থাকে। লাইন ধরে দাঁড়ালে পাঁচ মিনিটেরও কম সময় লাগে। আমার সঙ্গী রাসেল আহমেদ এভাবে লাইন ধরে নাশতা নিতে রাজি নন। তাঁর যুক্তি, ‘আমরা তো আর ফকির-মিসকিন না।’ একজন স্বেচ্ছাসেবকের কণ্ঠের আওয়াজে চাপা পড়ে গেল রাসেলের যুক্তি। স্বেচ্ছাসেবক বলছেন, ‘ডিয়ার ফ্রেন্ড, হালাল গিফট (হালাল উপহার)। এর পর থেকে প্রতিদিন বিকেলের নাশতা ওই সাবিল দিয়ে করছি।
হজে এসে যত বেশি এবাদত করা যায়, সেই চেষ্টায় মশগুল থাকেন হজযাত্রীরা। অনেকে এ সময় রোজা রাখেন। রোজা রাখলে ইফতার নিয়ে বাড়তি চিন্তা মাথায় রাখতে হয়। দুই দিন আগে মসজিদুল হারামে মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করছি। কিছু লোক এসে আমাদেরসহ সামনের কয়েক কাতারে পলিথিন বিছিয়ে দিলেন। একটু পর ওই পলিথিনের ওপর একে একে গ্লাস, পানি খেজুর ও গাওয়া রেখে গেলেন তাঁরা। আজান শেষ হলে সবাইকে ছোট প্লাস্টিকের পাত্রে খেজুর দেওয়া হলো। পাকা রসাল খেজুর। জানা গেল, এই খেজুর রোদে না শুকিয়ে গাছ থেকে কাটার পরই ফ্রিজে সংরক্ষণ করা হয়। আরবিতে এর নাম রাতাব। খেতে বেশ সুস্বাদু।
খেজুরের পর ছোট কাপে গাওয়া পরিবেশন করা হলো। গাওয়া সৌদি আরবে বহুল প্রচলিত পানীয়। গরম পানিতে বিভিন্ন ধরনের মসলা দিয়ে তৈরি, চায়ের মতো পান করতে হয়। চিনি ছাড়াই খেতে হয়।
এক মিনিটে মাথা মুণ্ডন: মসজিদুল হারাম থেকে ওমরাহ শেষ করে বের হয়ে বাইরের চত্বরে এলে কয়েক ধরনের লোক আপনাকে খেয়াল করবে। এদের একদল চুল কাটার লোক। আরেক দল স্যান্ডেল বিক্রি করে।
চুল কাটা বা মাথা মুণ্ডনের কোনো প্রতিযোগিতা হলে মক্কার জমজম টাওয়ারের নিচতলা ও মারওয়া গেটের কাছের সেলুনগুলোর নাপিতেরা নিশ্চিত এগিয়ে থাকবেন। বিশেষ করে পাকিস্তানি নাপিতেরা—এঁরা অস্বাভাবিক দ্রুততায় চুল কাটতে এবং মাথা মুণ্ডন করতে পারেন। কেউ কেউ এক মিনিটে বা এরও কম সময়ে মাথা মুণ্ডন করে দেন। এসব সেলুনে অনেক বাংলাদেশি নাপিতও আছেন। মাথা মুণ্ডনে খরচ ১০ রিয়াল। তবে হজ ঘনিয়ে এলে ২০ রিয়াল পর্যন্ত নেওয়া হয়। সেলুনগুলো দিন-রাত খোলা থাকে।
জুতা: মসজিদুল হারামের ভেতরে জুতা রাখার অনেক জায়গা আছে। প্রতিটি খোপের নম্বর আছে। মসজিদের বাইরেও আছে জুতা রাখার ব্যবস্থা। অনেকে অবশ্য সঙ্গে থাকা ব্যাগেই জুতা রাখেন। নির্দিষ্ট জায়গায় জুতা না রাখলে এবং নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তা নিতে ভুলে গেলে আর পাওয়ার উপায় নেই। কারণ কিছুক্ষণ পর পর মসজিদের পরিচ্ছন্নতাকর্মীরা এসবকে পরিত্যক্ত হিসেবে বস্তায় ভরে নিয়ে যান। তাই মসজিদ থেকে বের হয়ে জুতা কিনতে হয়।
ভিক্ষুকে বিব্রত: মসজিদুল হারামের বাইরের রাস্তায় একদল পাকিস্থানি সিন্দি নারী হাজিদের বিব্রত করে। ভিক্ষা না দেওয়া পর্যন্ত এরা পথ আটকে রাখে। এই নারীদের কোলে ছয় মাস থেকে এক বছর বয়সী শিশু থাকে।
জানা গেল, মক্কার ইব্রাহিম খলিল রোডে হারাতুর রুশদ দাখালায় এই নারীরা থাকে। রমজান ও হজের সময় একশ্রেণীর লোক এদের এনে ভিক্ষার কাজে লাগায়।
মক্কার উম্মুল কুরআ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সগীর আহমেদ জানালেন, ভিক্ষুকের তালিকায় ভারতের উত্তর প্রদেশ, মুর্শিদাবাদের সঙ্গে বাংলাদেশের নামও আছে। গত সোমবার বাংলাদেশি এক ভিক্ষুকের কাছে কবে, কীভাবে এসেছে জানতে চাইলাম। সে চাপা ঝাঁজাল কণ্ঠে বলল, ‘আপনার কোনো কাজ নাই? হজে আইছেন, নাকি আমারে খোঁচাইতে আইছেন।’
প্রতারণা: সাফা-মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে ওমরাহ বা হজের অংশ হিসেবে সাতবার যাতায়াত করতে হয়। একে সায়ী বলে। সায়ী করার সময় দোয়া পড়ছি। এ সময় এক দম্পতি উর্দুতে জানতে চাইল, ভারতীয় না বাংলাদেশি? বললাম, বাংলাদেশি। পুরুষ লোকটি বলল, তারা দুবাই থেকে গাড়ি চালিয়ে এসেছে। এখানে তাদের পকেটমার হয়েছে। খাবারের জন্য কিছু পয়সা দরকার। বললাম, আমিও ক্ষুধার্ত। চলো, সায়ী শেষ করে একসঙ্গে খাব। কিন্তু তারা খাবে না, টাকা চাই তাদের।
মক্কাবাসী মাকসুদ সেলিম জানালেন, এরা হজযাত্রীদের কাছ থেকে এভাবে প্রতারণা করে টাকা নেয়। পাকিস্তানি কিছু লোক আছে, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকে এবং হজের সময় এভাবে অর্থ কামায়।
সেলিম জানালেন, আরেক দল আছে, দামি গাড়ি নিয়ে আসে। ভেতরে নারী-শিশু থাকে। হজযাত্রীদের দেখলে বলে, ‘দেখ, আমরা দুবাই থেকে গাড়ি চালিয়ে এসেছি পরিবার নিয়ে। পকেটমার হয়েছে। আমাদের গাড়ির তেল কেনার জন্য কিছু টাকা দাও। পরিবারসহ বিপদে আছে ভেবে অনেকে কিছু রিয়াল দিয়ে দেয়।
পকেটমার: বাংলাদেশ হজ কার্যালয়ে এসে একজন হজযাত্রী (নাম বলতে চাননি। পত্রিকায় ছাপা হলে দেশে প্রিয়জন চিন্তা করবে) জানালেন, একটু আগে তাঁর পকেটমার হয়েছে। রাস্তায় হজযাত্রীদের মধ্যে হালকা খাবার বিতরণ করা হচ্ছিল। তিনি জটলার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছিলেন। কিছুক্ষণ পর পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দেখেন পকেটের টাকার মালিকানা বদল হয়ে গেছে। নাইজেরিয়া, মালে ও পাকিস্তান থেকে এ সময় পকেটমারেরা আসে বলে জানালেন উম্মুল কুরআ বিশ্ববিদ্যালয়ের সগীর আহমেদ।