সহায়তা কমায় দেশে এইডস সংক্রমণের ঝুঁকি বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচআইভি ও এইডস কর্মসূচিতে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় দেশে এই রোগ সংক্রমণের ঝুঁকি বাড়বে। তাই পরিস্থিতি মোকাবিলায় এ খাতে সরকারের ব্যয় বাড়ানোর পাশাপাশি কর্মসূচিতে পরিবর্তন আনতে হবে বলে মনে করেন সরকারি কর্মকর্তারা।
রাজধানীতে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মকর্তারা এই আশঙ্কা ও মত প্রকাশ করেন। আজ মঙ্গলবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় এইডস/এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচি। লাইট হাউস নামের একটি বেসরকারি সংস্থা এই আয়োজনে সহায়তা করে। এবার এইডস দিবসের প্রতিপাদ্য: ‘এইচআইভি সংক্রমণ ও এইডসে মৃত্যু নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার’।
সংবাদ সম্মেলনে জাতীয় এইডস/এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, গ্লোবাল ফান্ড এই কর্মসূচিতে অর্থায়ন করত। আগে বছরে ১৪ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হতো। এখন দুই বছরে বরাদ্দ ১২ মিলিয়ন মার্কিন ডলার। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় দেশের ২৫ শতাংশ যৌনকর্মীকে নানা সেবা দেওয়া হতো। অর্থ কমে যাওয়ায় সমানসংখ্যক যৌনকর্মীকে সেবা দেওয়া সম্ভব হবে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা। তিনি বলেন, সকল বিভাগ, জেলা, উপজেলা ও সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় মূল অনুষ্ঠান হবে।
গত সপ্তাহে জাতিসংঘের এইচআইভি ও এইডস-বিষয়ক সংস্থা ইউএন এইডস বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এইচআইভি সংক্রমণ ও এইডসের প্রকোপ নিম্ন পর্যায়ে। তবে এশিয়া-প্রশান্ত মহাসাগর এলাকায় যে চারটি দেশে সংক্রমণ বাড়ছে, বাংলাদেশ তার একটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে এইচআইভি ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচিতে আন্তর্জাতিক সহায়তা সীমিত হয়ে যাওয়ায় এই রোগের ঝুঁকি বাড়বে।
গতকাল সংবাদ সম্মেলনে আনিসুর রহমান বলেন, ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৬৭ হাজার ৮৭০ জন এইচআইভি পরীক্ষা করিয়েছেন। তিনি বলেন, প্রতিটি পরীক্ষার জন্য প্রায় ৬০০ টাকা খরচ হয়। এই খাতে অর্থ কমে গেলে বিপুলসংখ্যক মানুষের রক্ত পরীক্ষা সম্ভব হবে না। এটাও ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে।
এই পরিস্থিতিতে সরকারের পরিকল্পনা কী—এমন প্রশ্নের উত্তরে আনিসুর রহমান বলেন, এ ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত দরকার। সরকার এ খাতে বরাদ্দ বাড়াতে পারে। অন্যদিকে কর্মসূচিতেও পরিবর্তন আনা সম্ভব। উদাহরণ হিসেবে তিনি বলেন, দেশের ৪৭টি জেলায় কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। জেলার সংখ্যা কমিয়ে উচ্চ ঝুঁকির ২৩ জেলায় তা বাস্তবায়ন করা যায়।