নির্যাতনের শিকার নারীর সহায়তায় হাসপাতাল ও থানাকেন্দ্রিক সহায়তা কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী করার কথা বলেছেন নারী আন্দোলন কর্মী, পুলিশ ও চিকিৎসক প্রতিনিধিরা। নারীর জন্য সহায়তা বাড়ানোর কথাও বলেছেন তাঁরা।
গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘নারী নির্যাতন প্রতিরোধে বহুমাত্রিক কাজের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সভার তাঁরা এসব কথা বলেন। সভায় ভিকটিম সাপোর্ট সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এবং বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের প্রতিনিধিরা তাঁদের কাজ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে সুপারিশ করা হয়।
সভায় ঢাকা মেডিকেল কলেজের ওসিসি প্রতিনিধি আফরোজা বেগম বলেন, ওসিসি নিয়ে আরও প্রচারের প্রয়োজনীয়তা আছে। আক্রান্তেরা আলামত নষ্ট করে আসেন। আলামত রক্ষার বিষয়ে সাধারণভাবে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া দরকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম বলেন, ‘আমাদের নারীরা আয় করছে। কিন্তু প্রায়ই তাঁদের বেতনের টাকা স্বামীকে দিয়ে দিতে হয়।’ তিনি ওসিসি ও ভিকটিম সাপোর্ট সেন্টারের কাজের সমন্বয়ের ওপর জোর দেন।
সভায় নির্যাতন প্রতিরোধে ২০ দফা সুপারিশ প্রদান করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় আইনি সহায়তা শাখার কর্মকর্তা আফিফা বেগম। ডিএনএ পরীক্ষার ব্যয় রাষ্ট্রের গ্রহণ, ফরেনসিক বিভাগে নারী চিকিৎসক নিয়োগ ও মামলার সাক্ষীদের নিরাপত্তা প্রদান এর মধ্যে অন্যতম।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, সব ক্ষেত্রে নারীদের অগ্রগতি হয়েছে। কিন্তু সহিংসতা ‘কালো দাগ’ হিসেবে রয়ে গেছে। এটি দূর করতে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের সভাপতি মিলি বিশ্বাস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি জেয়াদ-আল-মামুন প্রমুখ বক্তব্য দেন।