সহায়তা না পেয়ে চাঁদপুরের ৪১ হাজার জেলে বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ রক্ষায় ১ মার্চ থেকে চাঁদপুরের মেঘনা ও পদ্মায় মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এতে জেলার ৪১ হাজারের বেশি জেলে কর্মহীন হয়ে পড়েছেন। সরকারিভাবে খাদ্য সহায়তা না পাওয়ায় পরিবার নিয়ে বিপাকে রয়েছেন তাঁরা।
জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ইলিশ ও জাটকা রক্ষায় মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় এবং পদ্মার কিছু অংশে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, জেলায় কার্ডধারী জেলের সংখ্যা ৪১ হাজার ১৮৯। পুনর্বাসন কর্মসূচিতে প্রত্যেক জেলের জন্য মাসে ৪০ কেজি করে ভিজিএফের চালের বরাদ্দ চেয়ে গত ১৫ ফেব্রুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। চলতি মার্চসহ আগামী জুন পর্যন্ত এই খাদ্য সহায়তা চাওয়া হয়। বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই জেলেদের মধ্যে চাল বিতরণ করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা দাবি করেন, ইলিশ রক্ষার অভিযান পুরোদমেই চলছে। ১ থেকে ১১ মার্চ পর্যন্ত মেঘনা ও পদ্মা নদীতে ৮৮টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ২২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ছয়জনকে ১৭ হাজার টাকার জরিমানা করা হয়। তাঁদের কাছ থেকে জব্দ করা হয় চার টন জাটকা।
মতলব দক্ষিণ উপজেলার কাজিরবাজার এলাকার জেলে জামাল হোসেন (৪৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘১ মার্চ থেইক্কা নদীতে মাছ ধরতে পারি না। ঘরে বেকার বইয়া আছি। পকেটে টেয়াপইসা নাই। ঘরের চাউলও ফুরাইয়া গেছে। কয়েক দিন ধইরা বউ-পোলাপান লইয়া খাইয়া না-খাইয়া আছি।’ মতলব উত্তর উপজেলার জেলে পরিমল ও ধীরেন্দ্রনাথ বলেন, ‘হুনছি মৎস্য অফিস আমাগো চাউল দিব। এহনতক খবর নাই। কবে পামু হেইডাও কইতে পারে না কেউ। পরিবার নিয়া খুবই বিপাকে আছি।’