সহায়তা পাচ্ছেন না রাজবাড়ীর জেলেরা
রাজবাড়ীতে ইলিশের প্রজনন মৌসুমে জেলেরা কোনো খাদ্যসহায়তা পাচ্ছেন না। চলছে প্রতিদিন ইলিশ শিকার ও জেল-জরিমানা।
জেলা মৎস্য অধিদপ্তর এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ীতে মৎস্যজীবীদের সংখ্যা মোট ৮ হাজার ৯৮২ জন। শুধু ইলিশ মাছ ধরার সঙ্গে সম্পৃক্ত জেলের সংখ্যা ৪ হাজার ৬৪০। এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২ হাজার ২৮১ জন, গোয়ালন্দে ১ হাজার ৬২৭ জন, পাংশায় ৪৮২ জন এবং কালুখালী উপজেলায় ২৫০ জন রয়েছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ বি এম রেজাউল হক বলেন, পদ্মাপারের জেলা হলেও এখানে জেলেদের জন্য কোনো বরাদ্দ নেই। গতকাল সোমবার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের সচিব বরাবর লিখিতভাবে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক জিনাত আরা বলেন, ‘দেশের ১৪টি জেলার জেলেদের মধ্যে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত রাখতে সহায়তা দেওয়া হলেও রাজবাড়ী জেলার নাম সেখানে নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তাঁদের সহায়তা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’