ঢাকা শহরের ৮০ দশমিক ৪৮ শতাংশ ভিক্ষুকই পুনর্বাসনের জন্য নিজ জেলায় যেতে চায়। প্রায় ৯৩ শতাংশ ভিক্ষুক সরকারি সহায়তা পেলে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিতেও আগ্রহ প্রকাশ করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির অধীনে ঢাকা শহরে ভিক্ষুক জরিপ ২০১১-এর খসড়া প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর।খসড়া প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মাত্র ৫ দশমিক ১৬ শতাংশ ভিক্ষুক সরকার থেকে কোনো না কোনো সহায়তা পাচ্ছে। দিনে ৩০০ টাকার বেশি আয় করে ৫ শতাংশ ভিক্ষুক। ৯৫ শতাংশের বেশি ভিক্ষুকের নিজস্ব জমি নেই।ঢাকা শহরের ১০ হাজার ভিক্ষুকের নাম-ঠিকানা ও ছবি জোগাড় করতে গত ৩০ সেপ্টেম্বর এই জরিপ চালানো হয়। শহরের ৪০০টি স্থানে ভিক্ষুক জরিপে ১০টি বেসরকারি সংস্থা দায়িত্ব পালন করে। ১০ হাজার ভিক্ষুকের মধ্যে দুই হাজার ভিক্ষুক নির্বাচন করে তাদের পুনর্বাসনের দায়িত্ব নেবে সরকার।কাল বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় ভিক্ষুক জরিপের বিশ্লেষণধর্মী খসড়া প্রতিবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।কর্মসূচির সেলের প্রধান যুগ্ম সচিব গাজী মোহাম্মদ জুলহাস প্রথম আলোকে বলেন, খসড়া প্রতিবেদন অনুযায়ী, ৬১ শতাংশ ভিক্ষুকই ভিক্ষাবৃত্তি ছেড়ে ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত হতে চায়। সেলাই কাজ করতে চেয়েছে প্রায় ১৩ শতাংশ ভিক্ষুক। একইভাবে কৃষিকাজ, রিকশা ভ্যান চালানোসহ বিভিন্ন কাজ করতে চেয়েছে জরিপে অংশ নেওয়া ভিক্ষুকেরা। তাদের ইচ্ছা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসনের উদ্যোগ নেবে সরকার। খসড়া প্রতিবেদন অনুযায়ী, ভিক্ষুকদের মধ্যে ৬০ শতাংশই নারী। ভিক্ষুকদের ৩৬ শতাংশেরই বয়স ৫০ বছরের বেশি। ১২ বছর বয়স পর্যন্ত শিশু ভিক্ষুকের সংখ্যা ১০ শতাংশ। ভিক্ষাবৃত্তিতে আসার আগে লেখাপড়া করত ২ শতাংশ শিশু। গৃহকর্মে নিয়োজিত ছিল ৩৫ শতাংশ।প্রতিবেদন অনুযায়ী, প্রতিবন্ধী ভিক্ষুকের সংখ্যা মাত্র ১৭ দশমিক ২৮ শতাংশ। এ ব্যাপারে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম বলেন, বেশির ভাগ লোকের ধারণা, প্রতিবন্ধীরাই সবচেয়ে বেশি ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত। কেননা প্রতিবন্ধীদের ওপর চোখ পড়ে সবার আগে। শিশু কোলে করে যারা ভিক্ষা করছে বা শিশু ভিক্ষুকসহ অন্যদের তেমন একটা চোখে পড়ে না।