বাংলাদেশে ঠাঁই নেওয়া মিয়ানমারের শরণার্থী ও দেশটির অনিবন্ধিত নাগরিকদের জন্য সহায়তা কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালনার জন্য সরকার দাতা দেশগুলোকে অনুরোধ জানিয়েছে।
গতকাল রোববার বিকেলে মিয়ানমারের শরণার্থী ও অনিবন্ধিত নাগরিকদের বিষয়ে দাতাদের ব্রিফ করতে গিয়ে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এ অনুরোধ জানান। পাশাপাশি মিয়ানমারের শরণার্থী ও অনিবন্ধিত নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটিকেই চাপ দিতে দাতা দেশগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে তিনি মিয়ানমারের শরণার্থী ও অনিবন্ধিত মিয়ানমারের নাগরিকদের সহায়তার জন্য তৈরি জাতীয় কৌশলপত্র বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলেন।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জাপান, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও মালয়েশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিক এবং জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী উপস্থিত ছিলেন।
ব্রিফিং শেষে শহীদুল হক সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ঠাঁই নেওয়া মিয়ানমারের শরণার্থী ও অনিবন্ধিত নাগরিকদের জন্য সরকার যেসব মানবিক সহায়তা কার্যক্রম নিয়েছে, তা তাঁদের জানানো হয়েছে। এ ধরনের মানবিক সহায়তার কাজে যুক্ত হওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালনার জন্য দাতাদের বলা হয়েছে। ওই সব লোকজনের জন্য পরিকল্পিত অর্থ সরকারের যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খরচের পরামর্শ দেওয়া হয়েছে।
পররাষ্ট্রসচিব বলেন, শরণার্থী ও অনিবন্ধিত নাগরিকদের সমস্যার উৎস মিয়ানমারে। তাই এ সমস্যার সমাধানে দেশটিকেই দায়িত্ব নিতে হবে। এ বিষয়টি দাতা দেশগুলোকে বিশেষভাবে বলা হয়েছে।
পররাষ্ট্রসচিব জানান, মিয়ানমারের নাগরিকদের জন্য কৌশলপত্র তৈরির পর গত এক বছরে এর বাস্তবায়ন প্রক্রিয়া এবং এ-সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের কাজ সম্পর্কে দাতা দেশের প্রতিনিধিদের অবহিত করা হয়েছে। এ লক্ষ্যে জাতীয় কৌশলপত্র বাস্তবায়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি সম্পর্কেও বলা হয়েছে। ১৮ দশমিক ৭৮ মিলিয়ন ডলার ব্যয়ে তিন বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়নের সমন্বয় করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রথমবারের মতো পররাস্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে কোনো সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।