যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক বাংলাদেশি তরুণ মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসকে কনস্যুলারের সঙ্গে দেখা করার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শন শেষে গতকাল শনিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।মজিনা বলেন, ‘ঘটনার পর থেকেই বিষয়টির প্রতি তিনি নজর রাখছেন। আটক হওয়ার পরপরই নাফিসকে কনস্যুলার সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে হয়তো তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।’তবে মজিনার বক্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছে নাফিসের পরিবার। তাদের ধারণা, আদালত নিযুক্ত আইনজীবীর পরামর্শে নাফিস কূটনৈতিক সহায়তার (কনস্যুলার অ্যাকসেস) প্রস্তাব প্রত্যাখ্যান করে থাকতে পারে।নাফিসের বাবা কাজী আহসানউল্লাহ বিবিসিকে গতকাল বলেন, ‘কূটনৈতিক সহ ায়তার প্রস্তাব আমার ছেলের প্রত্যাখ্যান করার কথা নয়। মামলার স্বার্থে এই মুহূর্তে কারও সঙ্গে কোনো কথা বলা উচিত হবে না বলে আইনজীবী নাফিসকে সতর্ক করে দিয়েছেন। ওই আইনজীবীর পাঠানো একটি ই-মেইল থেকে আমরা এটা জানতে পেরেছি। এখন বিচার শুরু হয়ে যাওয়ার পর আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে সহযোগিতা আশা করছি।’সিআরপিতে মজিনা: নিজস্ব প্রতিবেদক, সাভার জানান, নাফিসের প্রসঙ্গ ছাড়াও ড্যান মজিনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তিনি মনে করেন। এ জন্য সব রাজনৈতিক দলকে সংলাপে বসতে হবে। মার্কিন দাতব্য সেবা সংস্থা ‘সঞ্চাইল ইউএসএ’ পরিচালিত সপ্তাহব্যাপী ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচার ক্যাম্পসহ সিআরপির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।