সহায়তার ৫০ ভাগ স্বল্পোন্নত দেশগুলোকে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বনির্ভরতার পথে বাংলাদেশের অগ্রযাত্রার বর্ণনা দিয়ে বলেছেন, বৈদেশিক সহায়তার ওপর বাংলাদেশের নির্ভরতা হ্রাস পেয়েছে। বর্তমানে আমাদের জাতীয় আয়ের মাত্র ২ শতাংশ বৈদেশিক সহায়তার সমান। অধিকাংশ স্বল্পোন্নত দেশের অবস্থা বাংলাদেশের তুলনায় অনেক খারাপ। বৈদেশিক সহায়তার অন্তত ৫০ শতাংশ যেন স্বল্পোন্নত দেশগুলোতে বরাদ্দ করা হয়, অর্থমন্ত্রী উন্নত দেশগুলোর প্রতি সে আহ্বান জানান।

অর্থমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ে আয়োজিত ‘পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে স্বল্পোন্নত দেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান।

বাংলাদেশ ও নরওয়ের যৌথভাবে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি  এ কে আবদুল মোমেন ও নরওয়ের স্থায়ী প্রতিনিধি গেইর পেডেরসেন। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে আজ মঙ্গলবার পাঠানো বার্তায় এ কথা জানানো হয়।

বিশ্ব বাণিজ্যে স্বল্পোন্নত দেশগুলোর পিছিয়ে থাকার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, উন্নত দেশগুলোকে তাদের বাণিজ্যনীতিতে পরিবর্তন আনতে হবে, যাতে তৃতীয় বিশ্বের দেশগুলো সহজে ও বিনা শুল্কে পণ্য রপ্তানি করতে পারে। স্বল্পোন্নত দেশগুলোতে প্রযুক্তির ঘাটতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার জাতিসংঘের আওতায় প্রযুক্তি ও গবেষণাকেন্দ্রের আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশে স্থাপনে আগ্রহী। জলবায়ু পরিবর্তনে স্বল্পোন্নত দেশগুলোকে যে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তা সমাধানে অর্থমন্ত্রী উন্নত বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান। বাসস