সহিংস আন্দোলনে গেলে বিরোধী দল বিচ্ছিন্ন হবে

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সহিংস আন্দোলনে গেলে বিরোধী দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন প্রশাসনও চুপ করে বসে থাকবে না। মানুষও এখন নির্বাচনমুখী।
আজ বৃহস্পতিবার সকালে ফেনীর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, বিএনপিকে প্রধান প্রতিপক্ষ ভেবেই আওয়ামী লীগ নির্বাচনের এত জোর প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে একাধিকবার সভা করছেন। প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে।
মন্ত্রী বলেন, বিরোধী দল নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনের নামে ‘মরা গাঙে জোয়ার সৃষ্টির’ চেষ্টা করছে। গত কয়েক বছর তাঁরা রোজার পর, ঈদের পর এভাবে বহুবার আন্দোলনের ডাক দিয়েছেন। তাঁরা সংসদ বয়কটের ভয়াবহ রেকর্ড সৃষ্টি করেছেন। গত পাঁচ বছরে মাত্র ৭৪ দিন সংসদে গেছেন ও বিরোধীদলীয় নেতা মাত্র ১০ দিন সংসদে গেছেন। এটা কেন?
বিরোধীদলীয় এক নেতার কথা উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, দা-কুড়াল আর খুন্তি নিয়ে মাঠে নামার কথা বলে তিনি সহিংসতার উসকানি দিয়েছেন। এতে মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা আর আতঙ্ক দেখা দিয়েছে।
মন্ত্রী বলেন, কেউ তাঁকে সফল মন্ত্রী বললে তিনি বিব্রতবোধ করেন। মাত্র ২০-২১ মাসে কেউ সফল হতে পারে না। প্রকল্প বাস্তবায়নের জন্য সময় প্রয়োজন। সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। প্রতিহিংসার রাজনীতির কারণে সরকার পরিবর্তন হলে ওই সব প্রকল্প অসম্পূর্ণ অবস্থায় ঝুলে থাকে। সে জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।
এ সময় ফেনী সার্কিট হাউসে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আরিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।