রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সহিংস উগ্রবাদ যেহেতু সারা পৃথিবীর জন্য সমস্যা তৈরি করছে, তাই এর উৎস খুঁজে বের করাটা জরুরি। মৌলবাদ আর সহিংস উগ্রবাদ রুখতে সমাজের সব পক্ষকে নিয়ে লড়াই চালানোর পাশাপাশি এ ক্ষেত্রে আরও অর্থ বিনিয়োগ করা উচিত।
গতকাল বুধবার বৈশ্বিক প্রেক্ষাপটে সহিংস উগ্রবাদ নিয়ে এই আলোচনা হয়। বক্তাদের মতে, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ রুখতে হলে সমাজের বৈষম্যগুলো চিহ্নিত করে তা নিরসন করা উচিত।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত ‘কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম: গ্লোবাল এক্সপেরিয়েন্স’ শীর্ষক মূল বক্তব্য দেন জেনেভাভিত্তিক সংস্থা গ্লোবাল কমিউনিটি এনগেইজমেন্ট অ্যান্ড রেসিলিয়েন্স ফান্ডের (জিসিইআরএফ) নির্বাহী পরিচালক খালিদ কোসার।
বিসের পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় আরও বক্তৃতা করেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। স্বাগত বক্তৃতা করেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল আবদুর রহমান। মূল বক্তব্যে খালিদ কোসার বলেন, উগ্র সন্ত্রাসবাদ বাংলাদেশের জন্য যেমন একটি সমস্যা, তেমনি সারা বিশ্বের জন্যও একটি সমস্যা।
মূল বক্তৃতার পর নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) ভাইস প্রেসিডেন্ট হুমায়ন কবীর ও ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (আইসিএলডিএস) নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ। মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম।