সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকতে মার্কিন দূতাবাসের আহ্বান
বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। দূতাবাস সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং সংঘাত ও ভীতিকর পরিস্থিতি এড়িয়ে চলতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে।
৬ জানুয়ারি থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচি চলাকালে সহিংসতার বিষয়ে জানতে চাইলে প্রতিক্রিয়ায় ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা এল শাই গতকাল বুধবার প্রথম আলোকে এ কথা জানান।
মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশজুড়ে সহিংসতার খবরে আমরা উদ্বিগ্ন এবং আমরা সব পক্ষকে সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই। লোকজনের প্রাণহানি, হতাহতের ঘটনা ও সম্পদের ক্ষয়ক্ষতিতে আমরা মর্মাহত। জনগণের শান্তিপূর্ণ রাজনৈতিক মত প্রকাশের বিষয়টি নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে সংঘাত ও ভীতিকর পরিস্থিতি এড়িয়ে চলার আহ্বান জানাই।’
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকায় যুক্তরাজ্যের দূতাবাস কোনো মন্তব্য করতে চায়নি। জানা গেছে, এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের সঙ্গে সংগতি রেখে তারা নিজেদের অবস্থান তুলে ধরবে।