সহিংস কর্মসূচি পরিহারের আহ্বান জুনিয়র চেম্বারের
হরতাল ও অবরোধের মতো সহিংস কর্মসূচি পরিহারের আহ্বান জানিয়েছে তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটন। চেম্বারের নেতারা বলেছেন, চলমান সহিংস পরিস্থিতি অব্যাহত থাকলে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার সম্ভাবনা বাধাগ্রস্ত হবে।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি: দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান জুনিয়র চেম্বার নেতারা। এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান জুনিয়র চেম্বারের সভাপতি শিহাব মালেক।
শিহাব মালেক বলেন, অবরোধ কর্মসূচিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহন, উৎপাদন এবং পর্যটন খাত। কাঁচামাল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় উৎপাদন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় কৃষি খাতেও বিরূপ প্রভাব পড়ছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব বিবেচনায় নিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
তরুণ উদ্যোক্তাদের এই সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে তা কখনোই সম্ভব নয়।’
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে পোশাক খাত দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। কারণ, এখনই অনেক কারখানা সময়মতো রপ্তানি পণ্য জাহাজীকরণ করতে পারছে না। এতে বিদেশি ক্রেতাদের আস্থা হারাবে অনেক পোশাক কারখানা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুনিয়র চেম্বারের সাধারণ সম্পাদক ফয়সাল দস্তগীর, সহসভাপতি গিয়াস উদ্দিন, পরিচালক আবু তালেব সিদ্দিকী ও কায়সুল হক, লিগ্যাল কাউন্সিলর নুর-ই-জান্নাত।