সহিংস ঘটনাটি তুচ্ছ নয়, পরিকল্পিতভাবে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ সেপ্টেম্বর রাঙামাটিতে সংঘটিত সহিংস ঘটনাকে পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। সমিতির গঠন করা নিজস্ব তদন্ত কমিটি এ তথ্য পেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা।তবে কমিটির সদস্যদের নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। গত শনিবার প্রতিবেদনটি ই-মেইলের মাধ্যমে প্রকাশ করা হয়।মঙ্গল কুমার চাকমা প্রতিবেদন প্রকাশের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যাপকতা ও একই সময়ে সব এলাকায় আদিবাসী পথচারী এবং আদিবাসীদের মালিকানাধীন স্থাপনায় হামলা প্রমাণ করে ঘটনাটি তুচ্ছ ছিল না—সবকিছু পরিকল্পিতভাবে করা হয়েছে।গত ২২ সেপ্টেম্বর রাঙামাটি সরকারি কলেজের বাঙালি আদিবাসী ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে ঘটনার গুজবে রাঙামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই ঘটনা নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জেএসএসের তদন্ত প্রতিবেদনে একটি কায়েমি স্বার্থবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী দীর্ঘদিন ধরে রাঙামাটি শহর তথা পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পরিস্থিতিকে অধিকতর অস্থিতিশীল করার পাঁয়তারা চালিয়ে আসছে বলে মন্তব্য করা হয়েছে।শতাধিক আদিবাসী ও নয়জন বাঙালি আহত ব্যক্তির নাম উল্লেখ করে প্রতিবেদনে অভিযোগ করা হয়, ঘটনার দিন হামলা শুরু হওয়ার অনেক পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তী সময়েও পুলিশ ও নিরাপত্তা বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ করেননি।প্রতিবেদনে বলা হয়, ঘটনার ব্যাপারে কোতোয়ালি থানায় চারটি এজাহার দায়ের করা হলেও মাত্র দুটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে হামলাকারীদের সহজে চিহ্নিত করা গেলেও স্থানীয় প্রশাসন ঘটনায় জড়িত কাউকেই গ্রেপ্তার করেনি। এমনকি দায়ের করা চারটি এজাহারে উল্লিখিত কোনো হামলাকারীকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টাও করেনি। তাই এ হামলার ক্ষেত্রে হামলাকারী বাঙালিদের সঙ্গে প্রশাসনসহ নিরাপত্তা বাহিনীর একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল।